১৯ মনোনয়নপ্রত্যাশীর দৌড়ঝাঁপ, সরগরম মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলটির অন্তত ১৯ জন নেতা মনোনয়নপ্রত্যাশী। তাঁরা নানাভাবে প্রচারণা চালাচ্ছেন। অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।
এ আসনের আওয়ামী লীগের সাংসদ মজিবুর রহমান ফকির ২ মে মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ১৮ জুলাই এখানে উপনির্বাচন হবে।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মজিবুর রহমানের মৃত্যুর দুই দিন পর থেকেই তোরণ তৈরি করে নিজেদের উপস্থিতি জানান দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সামীউল আলম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক নাজনীন আলম। তাঁদের সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সোচ্চার হয়ে ওঠেন। দলীয় মনোনয়নপ্রত্যাশী এই দুই নেতা জনসংযোগও শুরু করেন।
পরবর্তী সময়ে মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদ খান পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামও প্রচারণা শুরু করে নিজেদের উপস্থিতি জানান দেন।
এরপর আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলে আরও যুক্ত হন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম আবদুর রফিক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম মোহাম্মদ আজাদ, গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ মামুন, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজ্জামেল হক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার চৌধুরী।
একাধিক নেতা জানিয়েছেন, এ ছাড়া প্রকাশ্যে প্রচারণা না চালালেও দলীয় মনোনয়নের আশায় কেন্দ্রে যোগাযোগ করছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব এম এ আজিজ ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস।
তবে বেশ কয়েকজন ভোটার ও তৃণমূলের কর্মী প্রথম আলোকে বলেছেন, মনোনয়নপ্রত্যাশী অনেক নেতাই এলাকায় আসেন না। অনেককে তাঁরা চেনেনই না।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস প্রথম আলোকে বলেন, সাংসদের মৃত্যুর পর অনেক যোগ্য নেতার পাশাপাশি আওয়ামী লীগের অনেক ‘অতিথি’ নেতাও মাঠে নেমেছেন। তবে দলের জন্য যাঁর ত্যাগ আছে, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাঁকেই মনোনয়ন দেবেন।