ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ১৯টিতে চেয়ারম্যান পদে কেবল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছেন। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই ১৯টিসহ মোট ৩২টিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই।
তৃতীয় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বুধবার রাত নয়টা পর্যন্ত প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
শরীয়তপুরে বিএনপির এক প্রার্থীর পরিবার অভিযোগ করেছে, তিনি নিখোঁজ রয়েছেন। তাঁকে অপহরণ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের দিয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে।
তৃতীয় ধাপে ছয় শতাধিক ইউপিতে ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল।
এর আগে প্রথম ধাপে ৫৪টিতে ও দ্বিতীয় ধাপে ৩৩টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, বক্তাবলী ও আলীরটেক ইউপিতে চেয়ারম্যান পদে কেবল আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন যথাক্রমে সাইফুল্লাহ বাদল, শওকত আলী ও মতিউর রহমান। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। উপজেলার ছয়টি ইউপিতে ভোট গ্রহণের কথা রয়েছে।
কাশীপুর ইউপির বিএনপির প্রার্থী ওমর আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দিলেও চাপের মুখে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। বক্তাবলীর বিএনপির প্রার্থী আকবর আলী অভিযোগ করেন, যুবলীগের অস্ত্রধারীরা তাঁর মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে গেছে।
উপজেলার ছয়টির মধ্যে কেবল এনায়েতনগর ইউপিতে বিএনপির প্রার্থী রয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদ মিঞা বলেন, তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকায় বাকি তিনটিতে এ পদে ভোট হবে।
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউপিতে আওয়ামী লীগের রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা হলেন বাগানবাজার ইউপিতে রুস্তম আলী, লেলাং ইউপিতে সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, ধর্মপুরে মো. আবদুল কাইয়ুম ও সমিতিরহাট ইউপিতে হারুনুর রশীদ।
শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউপির মধ্যে চিতলিয়া ও বিনোদপুরে কেবল আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। এঁরা হলেন চিতলিয়ায় আবদুস সালাম হাওলাদার ও বিনোদপুরে আবদুল হামিদ সাকিদার।
বিনোদপুরে বিএনপির প্রার্থী শাহ আলম সেলিম সরদার গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তা ছাড়া, সেলিম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এমন একটি আবেদনও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন তাঁর ভাই। সেলিমের ভাই ইনছান সরদার বলেন, তাঁর ভাইকে মঙ্গলবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। তিনি অপহৃত হয়ে থাকতে পারেন। তাঁকে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করানো হয়েছে।
এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, বিএনপির প্রার্থী নিখোঁজ এমন তথ্য তাঁদের জানা নেই। এ বিষয়ে কেউ তাঁদের কাছে অভিযোগ করেননি। নির্বাচন কার্যালয় থেকেও কিছু জানানো হয়নি।
জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ মোহাম্মদ হারুনর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এখানে বিএনপির প্রার্থী আহছান উল্লাহর মনোনয়নপত্র আগেই বাতিল হয়ে গেছে। এ উপজেলার চারটি ইউপিতে নির্বাচন হবে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩টি ইউপির চারটিতে বিএনপির কোনো প্রার্থী নেই। পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবদুল ওদুদ।
রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউপিতে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের নৃপেন্দ্রনাথ বিশ্বাস। ইসলামপুর ও বহরপুর ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। তবে ইসলামপুরে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। উপজেলার সাতটি ইউপিতে ভোট গ্রহণ হবে।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পাঁচ ইউপিতে কেবল আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। এঁরা হলেন কুমারভোগে মো. লুৎফর রহমান, বৌলতলিতে মো. মালেক শিকদার, গাওদিয়ায় মো. মিজানুর রহমান হাওলাদার, তেউটিয়ায় মো. রফিকুল ইসলাম মোল্লা ও মেদেনীমণ্ডলে আশরাফ খান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস ধীরেন অভিযোগ করেন, মেদেনীমণ্ডল ইউপিতে বিএনপির প্রার্থী আমির হোসেনকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মনোনয়নপত্র প্রত্যাহারে হুমকি-ধমকি দিচ্ছিলেন। ফলে তিনি মনোনয়নপত্র তুলে নেন। তবে আওয়ামী লীগের প্রার্থী আশরাফ খান এই অভিযোগ নাকচ করে দেন।
কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপিতে আওয়ামী লীগের নিজাম উদ্দিন শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। গতকাল বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম ও ইসলামী আন্দোলনের প্রার্থী সহিদ উল্লাহ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এই ইউপিতে একমাত্র প্রার্থী রইলেন তিনি। এ উপজেলার পাঁচটি ইউপিতে ভোট হবে।
রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার সাতটি ইউপির মধ্যে দুর্গাপুরে বিএনপির কোনো প্রার্থী নেই।
নোয়াখালী: চাটখিল উপজেলার খিলপাড়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহ উদ্দিন ওরফে সুমন গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করায় ও বিএনপির প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেও দাখিল না করায় আলমগীর হোসেন ওই ইউনিয়নে এখন একক প্রার্থী।
এ ছাড়া উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুল হাই গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও আরও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
খিলপাড়া ইউপিতে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল না করা ও হাটপুকুরিয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ জানতে দুই প্রার্থীর কাউকেই মুঠোফোনে পাওয়া যায়নি।