১৯৭৫ কিংবা বর্তমানের খুনিরা একা নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যাকারীরা একা ছিলেন না। এখন যাঁরা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, তাঁরাও একা নন। বর্তমানে রাজনীতি যা হচ্ছে, তা দুই নেত্রীর লড়াই নয়। এটা হচ্ছে আদর্শিক লড়াই। এ লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরই বিজয় হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘শহীদ এম মনসুর আলী স্মৃতি পরিষদ’ আয়োজিত জাতীয় চার নেতার স্মরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, পাকিস্তানের পরাজিত শক্তি প্রথমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তখন ধারণা দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা একটা পারিবারিক হত্যাকাণ্ড। পরে চার নেতাকে জেলখানায় হত্যার পর পরিষ্কার হয়ে যায় যে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। এরপর বিভিন্ন সময়ে যে সামরিক অফিসারদের হত্যা করা হয়েছে, তাঁরাও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছেন আর খালেদা জিয়া বিচার ঠেকাতে মানুষ হত্যা করছেন। এটা দুই নেত্রীর কলহ নয়, আদর্শিক লড়াই।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ১৯৭৫ সালে যাঁরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা একা ছিল না। তাদের পেছনে মুরব্বি ছিল। আজও যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদেরও একা ভাবার কোনো কারণ নেই। হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার পরও এত উচ্চবাচ্য দেখা যায়নি। এখন কিছু হলে এমনভাবে শুরু করে, যেন ‘সব শেয়ালের এক রা’। তিনি বিএনপি-জামায়াতের পেছনের শক্তিকে উদ্দেশ করে বলেন, ‘সারা বিশ্বে বান্দরের লেজে আগুন ধরিয়ে দিয়ে বাংলাদেশে এসে চোরকে বলে চুরি করো, আর গৃহস্থরে বলে সজাগ থাকো। এগুলো মানুষ বোঝে। এ দেশের মানুষ অশুভ শক্তিকে বিজয়ী হতে দেবে না।’
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ১৯৭৫ সালের মতো অবস্থা যেন না আসে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে হবে।
সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, খালেদা জিয়া ক্রমিক খুনি (সিরিয়াল কিলার)। তিনি আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন, শিশু ও নারী হত্যা করেছেন। তিনি আজও লন্ডনে বসে হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া ভদ্রতা জানেন না। রুচিহীন জঘন্য ভাষায় প্রধানমন্ত্রীকে লন্ডনে বসে আক্রমণ করেছেন। তাঁকে আমরা মাঠের রাজনীতিতে পরাজিত করেছি। নির্বাচনের মাঠে আবার পরাজিত করব সেই অঙ্গীকার করছি।’
স্মরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ।