২০ এপ্রিল উপকূলীয় মহাসমাবেশ সফল করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে সুন্দরবনের পাশ ঘেঁষে বিদ্যুৎকেন্দ্রসহ যেসব প্রকল্প গড়ে তোলা হচ্ছে, তা বন্ধের দাবিতে আগামী ২০ এপ্রিল উপকূলীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার খুলনা নগরের বিএমএ মিলনায়তনে ওই আহ্বান জানিয়ে উপকূলীয় জেলাগুলোর প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটির খুলনা জেলা শাখা ওই সমন্বয় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। জাতীয় কমিটির খুলনা জেলার আহ্বায়ক মনোজ দাশের সভাপতিত্বে ও সদস্যসচিব মোস্তফা খালিদ খসরুর সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আজিজুর রহমান, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মনিরুল হক, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন জেলার সমন্বয়কারীরা বক্তব্য দেন।
আনু মুহাম্মদ রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, ওই সর্বনাশা প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন সুন্দরবনের মধ্য দিয়ে ১২-১৩ হাজার টন কয়লার জাহাজ যাতায়াত করবে। এই প্রকল্পে প্রতিবছর অন্তত ৪৭ লাখ টন কয়লা পোড়ানো হবে। এর ফলে পানি, বায়ু ও কৃষিজমি ভয়াবহ দূষণের শিকার হবে। মৎস্যজীবী, বনজীবীসহ ওই অঞ্চলের ৩৫ লক্ষাধিক মানুষ তাদের বর্তমান জীবিকা হারাবে। উদ্বাস্তু হবে অসংখ্য মানুষ। প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ কোটি মানুষের জীবন ও সম্পদ অরক্ষিত হয়ে পড়বে।