
বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটকে জাতির জন্য ‘বিষফোড়া’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০ দল বিষফোড়ার মতো। এরা দেশে শান্তি চায় না।
আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে শেখ হাসিনা এসব কথা বলেন।
বিরোধী জোটের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কারও কোনো হুমকি-ধমকিতে কাজ হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে।
খালেদা জিয়ার জনসভায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত নেতাদের মুক্তির দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) কি স্বাধীনতার পক্ষে? তাহলে ওনার জনসভায় যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি ওঠে কীভাবে। উনি কী চান এটা তখন স্পষ্ট হয়ে যায়।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে। একে একে রায়ও কার্যকর হবে। বাংলাদেশের মানুষ কারও কাছে মাথা নত করে না।
শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করার অনেক ষড়যন্ত্র হয়েছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো সক্রিয় ছিল। তাই কোনো ষড়যন্ত্রই গণতান্ত্রিক অভিযাত্রা বন্ধ করতে পারেনি। তিনি বলেন, ‘২০০১ সালে গ্যাস বিক্রি করতে রাজি হই নাই বলেই ক্ষমতায় আসতে পারিনি। তখন আলবদরপ্রধান হয়ে যায় এ দেশের মন্ত্রী। জিয়া রাজাকারদের মন্ত্রী বানিয়েছিলেন। তাঁর স্ত্রীও তাদের মন্ত্রী বানিয়েছেন।’
সরকারের সাফল্যের বর্ণনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণই করেনি; বাংলাদেশ এখন দেশের বাইরে খাদ্য রপ্তানিও করছে। সবজি ও মাছসহ বিভিন্ন কৃষিজ দ্রব্য রপ্তানি করা হচ্ছে। কারও কাছে ভিক্ষা চাইতে হবে না।
যুব সম্প্রদায়ের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুবকদের কল্যাণে সরকার ঋণসুবিধা দিচ্ছে, প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতিটি উপজেলায় ন্যাশনাল সার্ভিস ও প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হয়েছে।
যুবলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। একই সঙ্গে সতর্ক করে বলেন, যুবলীগ এমন কোনো কর্মকাণ্ড করবে না, যাতে সংগঠনের বদনাম হয়।
সমাবেশে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরিবর্তনের ডাক শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, নেপাল যুব কংগ্রেস সভাপতি মাহেন্দ্র যাদব প্রমুখ।