একদিকে ভাঙন, আরেক দিকে কৃত্রিম দল গঠন। এর সঙ্গে আছে দলাদলি, সন্দেহ, অবিশ্বাস। এই পরিস্থিতি বিরাজ করছে ২০-দলীয় জোটের শরিক বিভিন্ন দলের মধ্যে। মাঠের আন্দোলনে যাওয়ার আগে এসব দলকে লড়তে হচ্ছে নিজ দলে। আর বেহাল এসব দলকে নিয়েই সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঠিক করতে আজ সোমবার জোটের বৈঠক ডেকেছে বিএনপি।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিকদের মধ্যে ১২টি ছাড়া বাকি দলগুলোর নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। অবশ্য এসব দলের বেশ কটি নামসর্বস্ব। ভাঙন আর দলাদলিতে জড়িয়ে আরও ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে কয়েকটি দল। এর পরও প্রতিপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সংখ্যা টপকাতে এ-জাতীয় দলগুলোকে নিয়ে জোট ভারী করা হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা এ প্রতিবেদককে বলেছেন। এ নিয়ে বিএনপির ভেতরে অস্বস্তিও রয়েছে।
বিএনপির সূত্রগুলো বলছে, ২০-দলীয় জোটের দ্বিতীয় প্রধান দল হচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কি না, এ নিয়ে সম্প্রতি বিএনপির নেতাদের একটি অংশের মধ্যে সংশয়-সন্দেহ তৈরি হয়েছে।
আর জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যোগদান নিয়ে সম্প্রতি একাধিক পত্রিকায় প্রকাশিত খবর নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার নেপথ্যে জোটের আরেক শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের ভূমিকা রয়েছে বলে ‘সন্দেহ’ করছে বিএনপির নীতিনির্ধারণী মহল।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও মহাসচিব পরস্পরকে বহিষ্কার করেছেন। শেখ শওকত হোসেনকে (নিলু) চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করে নিজেকে এনপিপির চেয়ারম্যান ঘোষণা করেছেন দলের মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ। আবার শওকত হোসেন বহিষ্কার করেছেন ফরিদুজ্জামানকে। এ অবস্থায় দুজনই আজ জোটের বৈঠকে থাকতে সচেষ্ট রয়েছেন।
ফরিদুজ্জামানের অভিযোগ, বিএনপির জোট ছেড়ে যাওয়া ভাসানী-ন্যাপের ইফতার এবং রাজনীতিকদের সৌজন্যে প্রধানমন্ত্রীর ইফতারে শওকত হোসেন অংশ নেন। ২০-দলীয় জোটের কেউ না গেলেও শওকত কেন এসব ইফতারে গেলেন, তা জানতে চাওয়ায় ফরিদুজ্জামানকে বহিষ্কার করা হয়।
জি এ খানের নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগ বিভক্ত হয় গত সেপ্টেম্বর মাসে। অভ্যন্তরীণ বিরোধে দল ভেঙে নিজেকে সভাপতি ঘোষণা দেন দলের নির্বাহী সভাপতি কামরুজ্জামান খান। এরপর অপর অংশটি দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকে কামরুজ্জামান খানকে বহিষ্কার করেন। পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় বোন জোবায়দা কাদের চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করে নতুন কমিটি করে। এখন একই নামে দুটি দলই জোটের শরিক।
জোবায়দা কাদের চৌধুরীর নেতৃত্বাধীন অংশের মহাসচিব আতিকুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে বলেছি, আপনারা যদি এক ব্যক্তিকে নিয়ে থাকতে চান, থাকেন। তাহলে আমাদের বিকল্প ভাবতে হবে।’
জোটের সূত্রগুলো জানায়, ‘উপযুক্ত কদর’ না পেয়ে শেখ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী-ন্যাপ) ২০-দলীয় জোট ছেড়ে যায়। এরপর জোটের সংখ্যা ঠিক রাখতে গত মে মাসে ভাসানী-ন্যাপ নামে নতুন দল দাঁড় করানো হয়। এর চেয়ারম্যান হন গাইবান্ধার মো. আজহারুল ইসলাম। তিনি একসময় গাইবান্ধা-৫ আসন থেকে কল্যাণ পার্টির ‘হাতঘড়ি’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
অবশ্য আজহারুল দাবি করেন, ‘ভাসানী-ন্যাপের মূল অংশটি আমার সঙ্গে আছে। শেখ আনোয়ার সরকার থেকে কিছু টাকা পেয়ে জোট ছেড়ে গেছেন। আমি দলটা ধরে রেখেছি।’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টি ২০ দলের শরিক। ৫ জানুয়ারির নির্বাচন প্রশ্নে দ্বিমতের কারণে দলটির মহাসচিব আবদুল মালেককে কল্যাণ পার্টি থেকে বহিষ্কার করা হয়। এর আগে দলটি থেকে বহিষ্কৃত আরেক মহাসচিব এস এম আবুল কালাম আজাদ পরে নতুন দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে দল গঠন করেন এবং দশম সংসদের সদস্যও হন।
দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দল। ৫ জানুয়ারির নির্বাচনের পর তাঁর দলে বিদ্রোহ ঘটে। কয়েকজন নেতা সাম্যবাদী দল নামে আরেকটি দল গঠন করেন এবং গত জুনে ২০-দলীয় জোটে যোগ দেন। নবগঠিত সাম্যবাদী দলের প্রধান হলেন সাঈদ আহমেদ।
অবশ্য জোটের শরিক এ ধরনের দলকে ‘কৃত্রিম দল’ বা ‘ঘুপচি’ দল বলে মন্তব্য করেছেন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা।
এসব বিষয়ে এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত সেলিম প্রথম আলোকে বলেন, জোটে এমন শরিক দলও আছে, যার শীর্ষনেতা অন্য দলের কর্মীর সমমানের। এঁদের কারণে জোটের বৈঠকের গোপন খবরও ফাঁস হয়ে যায়। তিনি বলেন, নানা কারণে ২০-দলীয় জোটে ভাঙনের পদধ্বনিও শোনা যাচ্ছে। তাই আন্দোলনের সফলতা এবং গোপনীয়তার স্বার্থে খালেদা জিয়ার নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা অপরিহার্য।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, আন্দোলনের ক্ষেত্রে এসব কোনো বাধা হবে না। কারণ, রাজনৈতিক দলের অভ্যন্তরে ষড়যন্ত্র, বিবাদ, ভাঙন, পাল্টাপাল্টি বহিষ্কার নিত্যনৈমিিত্তক ব্যাপার। এতে মূলধারায় কোনো ক্ষতি হবে না।