২০ দলীয় জোট বিদেশিদের হত্যার ষড়যন্ত্রে আছে: নৌ-মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে বক্তৃতা দিচ্ছেন নৌ-মন্ত্রী। ছবি: সবুজ চৌধুরী, শেরপুর
সেমিনারে বক্তৃতা দিচ্ছেন নৌ-মন্ত্রী। ছবি: সবুজ চৌধুরী, শেরপুর

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ২০ দলীয় জোট বিষাক্ত ছোবলে বাংলার মানুষকে হত্যা করতে চায়। তারা এখন বিদেশিদের হত্যার ষড়যন্ত্রে আছে। মৌলবাদকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
বগুড়ার শেরপুরে আজ রোববার ‘উগ্র মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত দক্ষিণ এশিয়া চাই’ শীর্ষক আদিবাসী ও শ্রমজীবী সমাবেশে মন্ত্রী এ সব কথা বলেন।
বেলা ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরামের (বিবিপিপিএফ) বগুড়া ও সিরাজগঞ্জ জেলা কমিটি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে এই দুই জেলার আদিবাসী ও শ্রমজীবী সংগঠনের নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।
বিবিপিপিএফ বাংলাদেশ চ্যাপ্টারের বগুড়া জেলা কমিটির আহ্বায়ক মো. ফরহাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সাংসদ মো. হাবিবুর রহমান, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম আমজাদ হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিবিপিপিএফ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী। আরও বক্তব্য দেন সংগঠনের ত্রিদেশীয় কমিটির সদস্য ও ভারত চ্যাপ্টারের সম্পাদক মণ্ডলীর সদস্য শ্যামল রায়, বাংলাদেশ চ্যাপ্টারের সহপ্রচার সম্পাদক আবদুল খালেক, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন কুমার রায়, বগুড়া জেলার আদিবাসী পরিষদের সভাপতি যোগেশ চন্দ্র মাহাতো প্রমুখ।