২০-দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

গাজায় ইসরায়েলি হামলা এবং সম্প্রচার নীতিমালার প্রতিবাদে পতাকা মিছিল, প্রতিবাদ সমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, জোটের কর্মসূচিতে সরকার কোনোভাবে বাধা দেবে না।
১৬ আগস্ট গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশে কালো পতাকা মিছিল করবে জোট। মহানগর ও জেলা সদরে ওই মিছিল অনুষ্ঠিত হবে।
সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করবে জোট। ওই দিন ঢাকার বাইরে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২১ থেকে ৩১ আগস্ট ২০-দলীয় জোটের উদ্যোগে জেলা ও মহানগরে গণসংযোগ করবেন নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেছেন।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৩১ আগস্ট আলোচনাসভা, ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিকেলে প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শনী। এ ছাড়া ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা। তবে কর্মসূচির স্থান পরে জানানো হবে।