গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রোববার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার কথা বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের।
গত ২ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোটের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জোটের এক বিজ্ঞপ্তিতে প্রথমে শনিবার (৫ সেপ্টেম্বর) কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তা পরিবর্তন করে রোববার (৬ সেপ্টেম্বর) করা হয়। শনিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী থাকায় এদিন কর্মসূচি প্রত্যাহারের জন্য বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছিল।
কর্মসূচি ঘোষণা করে ২০-দলীয় জোটের দেওয়া বিজ্ঞপ্তির সঙ্গে একটি প্রচারপত্র গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, গ্যাস-বিদ্যুৎ-সিএনজির ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির ফলে অনিবার্যভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ‘প্রতিবাদ’ ও ‘প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়ে জোট বলেছে, এটা প্রতিরোধ করা না গেলে আগামী ডিসেম্বরে গ্যাসের দাম আবারও বাড়ানো হবে। জনগণের কাছে কোনো দায়বদ্ধ সরকার এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে না।