২০ দলে জামায়াতকে রাখার প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, ‘জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে অসুবিধা একটি রাজনৈতিক দল। সরকার চাইলে যেকোনো মুহূর্তে ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে। দেশের বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলের মধ্যে এ দলটিকে আর রাখার কোনো প্রয়োজন নেই। দলটি এখন বোঝায় পরিণত হয়েছে। এটি এখন আর সম্পদ না।’
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ‘দেশে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় এমাজউদ্দীন এ কথা বলেন। বিএনপির দলীয় কোনো পদে না থাকলেও এমাজউদ্দীন আহমদ দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। দলের নীতি নির্ধারণে তাঁর বড় ভূমিকা থাকে বলে বিএনপির সব পর্যায়ের নেতারা মনে করেন। তা ছাড়া দলের শীর্ষ দুই ব্যক্তি খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবেই পরিচিত তিনি।
এমাজউদ্দীন আহমদের এই বক্তব্যের পর বিস্মিত হয়েছেন বিএনপি ও জামায়াতের অনেক নেতাই। তাঁরা বলেছেন, এই বক্তব্য ২০-দলীয় জোটে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করবে। নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়বেন। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বলেন, তাঁরা বুঝতে পারছেন না এমন সিদ্ধান্ত কোথায় হলো। আবার এমাজউদ্দীনের বক্তব্য ঠিক নয়, এমন কথাও জোর দিয়ে বলতে পারছেন না তাঁরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, ২০-দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত হয়েছে বলে তাঁর জানা নেই। তিনি বলেন, সিদ্ধান্ত হলে তো তিনি জানতেন।
বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেছেন, একটি সিদ্ধান্তের বিষয় তাঁর জানা আছে। সেটি হলো, জাতীয় ঐক্যে ২০-দলীয় জোটের শরিকদের কাউকেই রাখা হবে না, কেবল জামায়াতকে নয়। তা ছাড়া ২০-দলীয় জোট আপাতত অকার্যকর থাকবে। কিন্তু সেটি ভেঙে দেওয়া হবে না বা সেখান থেকে জামায়াতকে বের করে দেওয়া হবে। ঐক্য আলোচনার সময় ২০ দলকে অনেকটা আড়ালে রাখা হবে। মূলত এর উদ্দেশ্য জামায়াতকে দূরে রাখা। হতে পারে, এমাজউদ্দীন আহমদ সম্ভবত এটাই বলতে চেয়েছিলেন।
বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী। দেশের রাজনীতিতে জামায়াতকে বিএনপির অন্যতম মিত্র বলেই মনে করা হয়। দল হিসেবে জামায়াতকে যুদ্ধাপরাধী দল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মন্তব্য করলেও বিএনপি সব সময়ই জামায়াতকে জোটে রাখার পক্ষে রয়েছে। এমনকি জামায়াতের অনেক নেতা যুদ্ধাপরাধী হিসেবে বিচারের সম্মুখীন হওয়ায় বিএনপি কখনো এই বিচারের পক্ষে সরাসরি অবস্থান নেয়নি। বিচারের রায় নিয়েও বরাবরই নিশ্চুপ থেকেছে দেশের অন্যতম বড় এই দলটি।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বক্তব্য প্রচারের পর এক বিবৃতিতে জামায়াতে ইসলামী তাঁর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, অন্যথায় জনগণ ধরে নিতে বাধ্য হবে তিনি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আলো ও অন্ধকারের খেলায় লিপ্ত রয়েছেন। ওই বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ২০-দলীয় জোট এমাজউদ্দীন আহমদকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়নি। জোটের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার তাঁর নেই। তিনি সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত ও অযাচিত আচরণ করছেন। এর জন্য অবশ্যই তাঁকে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের অযাচিত ও এখতিয়ারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য এমাজউদ্দীন আহমদের প্রতি আহ্বান জানানো হয়।
অবশ্য বক্তব্য দেওয়ার পর দুপুরে এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, তাঁর বক্তব্য কোথাও কোথাও বিকৃতভাবে বা খণ্ডিতভাবে এসেছে। বিএনপি নেত্রী জামায়াতকে ‘বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন’—এমন কথা তিনি বলেননি। তিনি বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। এখানে জামায়াত বিষয় নয়।
সম্প্রতি গুলশানে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দেন। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ খালেদা জিয়ার এই আহ্বান নাকচ করে দেয়। দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় ঐক্য ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে।’ যদিও বিএনপির নেতারা বলেছেন, বিএনপির মতো একটি বড় দলকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য হতে পারে।
বিএনপি ১৪ দলের বাইরের দলগুলোকে নিয়ে একটি জঙ্গিবাদবিরোধী ‘বৃহত্তর প্ল্যাটফর্ম’ গড়ার চেষ্টা শুরু করেছে। এতে মূল ভূমিকা রাখছেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। আর দলীয়ভাবে পুরো দায়িত্ব পালন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইতিমধ্যে কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ-জেএসডি, গণফোরাম, সিপিবি ও বাসদের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
সূত্র জানায়, আবদুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আ স ম আবদুর রবের জেএসডি, গণফোরাম এই ঐক্য গড়ার জন্য মূল বাধা হিসেবে জামায়াতকে চিহ্নিত করেছে। তবে বাম দল সিপিবি ও বাসদ বিএনপির এই জাতীয় ঐক্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য কী ধরনের ‘প্ল্যাটফর্ম’ হবে তা নিয়ে তাঁরা নিশ্চিত নন। কাদের সিদ্দিকী বলেছেন, জামায়াতের সঙ্গে তিনি জান্নাতে যেতেও রাজি নন।
মতবিনিময় সভা: গতকালের মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও বিশিষ্টজনেরা বলেন, দেশে এখন যে অবস্থা চলছে, তাতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি। এ জন্য কোনো সমস্যা বা দলগুলোর মধ্যে দূরত্ব থাকলে তা দূর করতে হবে। তবে রাজনৈতিক নেতারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি ও কেবল তা জঙ্গি ইস্যুতে সীমিত না রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, ‘আমি প্রত্যাশা করি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন না করে শোক পালন করবেন। সরকারকেও বলব, জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা কথা বলবেন না। কেননা, এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুই তাঁকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, গবেষক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রর প্রমুখ।