২০ দলের আন্দোলনকে বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ বললেন আশরাফ

২০-দলীয় জোটের আন্দোলনকে বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসের অংশ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের র্যালি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে এ র্যালির আয়োজন করা হয়।
সৈয়দ আশরাফ বলেন, ‘এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, এটা উপলব্ধি করতে হবে। ঢাকার মতো প্যারিস, লিবিয়া, মিসর, রাশিয়া ও ডেনমার্কেও রক্ত ঝরছে। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালাও-পোড়াওয়ের যে তাণ্ডব তারা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ তারই একটা অংশ।’
আওয়ামী লীগের এই নেতার মতে, ‘আজকের সংগ্রাম বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের। আমরা যুদ্ধ ঘোষণা করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের এই সংগ্রামে পৃথিবীর সব রাষ্ট্রকে পাব। সারা পৃথিবীর শান্তি ও গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ, সেই শত্রুর বিরুদ্ধে। এই শত্রুকে পরাজিত করতেই হবে। আপনাদের অনুরোধ করছি, আসুন, এই সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করি, না হয় পৃথিবীতে মানবসভ্যতা থাকবে না।’
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া ঘুমিয়ে আছেন। তিনি অন্ধ ও বধির হয়ে গেছেন। বাংলাদেশের কী হচ্ছে দেখতে ও শুনতে পান না।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে র্যালিপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার।
পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া ১০০টি ট্রাকের ওই র্যালি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয়। র্যালির সময় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের ভাষণের রেকর্ড বাজানো হয়। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে নানা স্লোগান দেওয়া হয়।