২০ দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আ.লীগের
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নির্বাচনী টিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির দাবি, গত শুক্রবার রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়ে জোটের সদস্যরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।
গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বিএনপির নেতাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গতকাল (শুক্রবার) আমরা লক্ষ করলাম, বিএনপি-জামায়াতের ২০-দলীয় জোট নির্বাচনী যে টিম করেছে, তারা রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়ে গিয়েছিল। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে আপত্তিকর ও অশালীন বক্তব্য রেখেছেন। যেটা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।’
চট্টগ্রামের নৌঘাঁটির মসজিদে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত বলে আওয়ামী লীগ মনে করে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আজকে বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে হামলা; এসব হামলার পেছনে একটাই অশুভ শক্তি চক্রান্ত করে যাচ্ছে। তারা হলো বিএনপি ও জামায়াত।’