২০ দলের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি–জামায়াত আন্দোলনের নামে বাংলার মানুষের ওপর বিষাক্ত ছোবল মারছে। এই ২০ দলের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত হরতাল-অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বক্তব্যের পর একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।
বক্তব্যে নৌমন্ত্রী সমন্বয় পরিষদ আয়োজিত ৫ ও ৭ ফেব্রুয়ারির কর্মসূচি যথাযথভাবে পালনের জন্যও সবার প্রতি আহ্বান জানান। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত দেশব্যাপী যে যাঁর নিজ নিজ স্থানে দাঁড়িয়ে চলমান সন্ত্রাসের প্রতিবাদ করবেন। ১টা ১ মিনিটে সড়ক, নৌ ও রেলসহ সব ধরনের যানবাহনে হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানো হবে। এ ছাড়া একই সময় ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এক মিনিট বাঁশি বাজাবেন। ৭ ফেব্রুয়ারি শনিবার বেলা তিনটায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মিলনায়তনে বিভিন্ন শ্রেণি–পেশার সংগঠনের সমন্বয়ে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।