২০-দলের মধ্যে কোনো বিভেদ নেই, সব দল এক: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সিলেটে ধানের শীষের প্রার্থীর পক্ষে জামায়াতে ইসলামী তাদের সমর্থন দেবে বলে প্রত্যাশা করছে বিএনপি। আজ শনিবার বিকেলে ২০-দলীয় জোটের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০-দলের শরিক দলের মধ্যে কোনো বিভেদ নেই। জামায়াতে ইসলামী অথবা সাম্যবাদী দল, সব দল এক। স্থানীয় সরকার নির্বাচনে সব রাজনৈতিক দল তার নিজস্ব সিদ্ধান্তে নির্বাচনে প্রার্থী দেয়। তিনি বলেন, দেশে গণতন্ত্রের যে মৃত্যু হয়েছে—সেই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী তা অনুধাবন করবে। অন্যান্য শরিক দল যারা আছে, তাদের সঙ্গে একমত হয়ে জামায়াতে ইসলামী ধানের শীষের প্রার্থী আরিফুল হককে জয়যুক্ত করবে।

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে জামায়াতে ইসলামীর আলাদা প্রার্থীর মনোনয়ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কি না, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটির প্রশ্নই ওঠে না।’

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ছাড়াও ২০-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বিকেলে ২০-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেটসহ তিন সিটি করপোরেশনে জোটের একক প্রার্থীর পক্ষে প্রচারের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। আগামীকাল রোববার থেকে ২০-দলীয় জোট নেতারা তিন সিটি নির্বাচনে প্রচার কার্যক্রম শুরু করবেন। বরিশালে বিজেপির আন্দালিব রহমান পার্থ, রাজশাহীতে এনডিপির খন্দকার গোলাম মূর্তজা ও সিলেটে ইসলামী ঐক্য জোটের মাওলানা এম এ রকীবের নেতৃত্বে গঠিত পরিচালনা কমিটি কাজ করবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

২০-দলীয় জোটের বৈঠকের পর বৈঠকের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সিলেটে জামায়াতের প্রার্থী এখনো আছেন। আজকের বৈঠকেও বিষয়টি আলোচনা হয়েছে। গণতন্ত্রের স্বার্থে বিষয়টি দেখার জন্য জোটের সবাই বৈঠকে উপস্থিত জামায়াতে ইসলামীর প্রতিনিধিকে বলেছেন। মিটিংয়ে অংশ নেওয়া জামায়াতের নেতার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই। তিনি বিষয়টি সর্বোচ্চ ফোরামে জানাবেন বলে জানিয়েছেন। জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত গণতন্ত্র, ঐক্য ও জোটের প্রার্থীর বিজয়ের পক্ষে হবে এবং ঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে চান্দিনায় এলডিপির চেয়ারম্যান অলি আহমদের গাড়িতে হামলার ঘটনার নিন্দা ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করা হয়। এ ছাড়া জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে ২০-দলীয় জোটের শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থ, এলডিপির রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর মোবারক হোসেন, ইসলামী ঐক্যজোটের আবদুল করীম, খেলাফতে মজলিশের শেখ গোলাম আজগর, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।