২০ দলের মিছিলে সাতজন
চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিএনপি ছাড়া শরিক দলের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাত নেতা শহরে মিছিল করার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট মোড় থেকে অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল থানা অভিমুখে রওনা দেয়। মিছিলে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক, আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম, রউফুন নাহার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল হান্নান ও তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার অংশ নেন। সাত নেতার ওই মিছিলটি পুরোনো হাসপাতালের সামনে পৌঁছালে সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সীর নেতৃত্বে থানা ও ডিবি পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় মাবুদ সরকারকে আটক করতে গেলে নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে লাঠিপেটা শুরু করলে নেতারা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান।