২০০ পৌরসভায় এগিয়ে, মূল্যায়ন আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ মনে করে, আসন্ন পৌর নির্বাচনে এখন পর্যন্ত প্রায় ২০০ পৌরসভায় মেয়র পদে তাদের প্রার্থীরা এগিয়ে আছেন। বাকি ৩৪টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যান্য দলের প্রার্থীরা একে অপরের সঙ্গে লড়াইয়ে আছেন। ১০টি পৌরসভায় বিএনপির প্রার্থীদের অবস্থান ভালো। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সম্ভাবনা রয়েছে তিন-চারটি পৌরসভায়।
গতকাল রোববার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে দলটির সাংগঠনিক সম্পাদকেরা তাঁদের এ মূল্যায়ন তুলে ধরেন। এই মূল্যায়নের ওপর আলোচনায় পৌর নির্বাচনে দলটির সম্ভাবনার এই চিত্র উঠে এসেছে। সাংগঠনিক সম্পাদকদের দেওয়া মূল্যায়নের ওপর আলোচনায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদকদের এই মূল্যায়ন দলের সভাপতি শেখ হাসিনাকেও জানানো হবে বলে দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়।
জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা মূল্যায়ন প্রতিবেদন দিয়েছেন। প্রায় ২০০ পৌরসভায় তাঁদের প্রার্থীরা এগিয়ে আছেন। সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভোটারদের আস্থার কারণেই এ অবস্থা।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, সাংগঠনিক সম্পাদকেরা আওয়ামী লীগের প্রার্থীদের এগিয়ে থাকার বিভিন্ন কারণ তুলে ধরেন। একই সঙ্গে প্রতিপক্ষ কেন দুর্বল, সেই ব্যাখ্যাও দেন। তাঁরা বলছেন, ভোটার, প্রার্থী ও প্রশাসনের মধ্যে এমন ধারণা হয়েছে যে শেখ হাসিনা যেকোনো কিছু করতে পারেন। গত সাত বছরে তিনি যেভাবেই চেয়েছেন, সেভাবেই সবকিছু হয়েছে। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। তাঁর প্রতি এই আস্থা ও বিশ্বাসের কারণে দলের প্রার্থীদেরও অবস্থান ভালো। এ ছাড়া সাধারণ মানুষ মনে করছে, সামনে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের মতো মৌলিক বিষয়ে সমস্যা নেই। ফলে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে থাকাই ভালো।
অন্যদিকে বিএনপির প্রার্থীদের পিছিয়ে থাকার মূল কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেছেন—বিএনপি মুখে নির্বাচন নিয়ে বক্তৃতা-বিবৃতি দিলেও পুরো শক্তি নিয়োগ করেনি নির্বাচনে। বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে কিছুটা শিথিলতা আছে। ভোটারদের ও প্রার্থীদের ভাবনায় ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনও এসেছে।
সূত্র জানায়, গতকালের বৈঠকে আরও এসেছে যে বিএনপির প্রার্থীদের এমন ধারণাও আছে যে তাঁদের নেত্রী নির্বাচনের দিন দুপুরের আগেই নির্বাচন বর্জনের ডাক দিতে পারেন। এ ক্ষেত্রে সর্বাত্মক ভোটযুদ্ধ ও অর্থ খরচ করে মাঠে থাকার পক্ষে নন অনেক প্রার্থীই।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা মনোবলের দিক দিয়েই অনেক এগিয়ে আছেন। সরকারদলীয় প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল প্রশাসন ভোটারদের মধ্যেও আস্থা বৃদ্ধি করেছে। অন্যদিকে বিএনপির প্রার্থীরা বিজয়ী হলেও কত দূর কী করতে পারবেন, সেই ভাবনা ভোটাররা ভাবছেন। ফলে সংগত কারণেই আওয়ামী লীগের প্রার্থীরা সুবিধাজনক অবস্থায় আছেন।
এদিকে গতকালের বৈঠকে সাত বিভাগে প্রচারের জন্য মন্ত্রী-সাংসদ নন এমন কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে আওয়ামী লীগের সাতটি প্রচার দল চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার থেকেই এসব দলের নেতারা ভাগ ভাগ হয়ে যাঁর যাঁর সুবিধামতো পৌরসভায় প্রচারকাজে নেমে পড়বেন।
ঢাকা বিভাগের জন্য গঠিত দলে আছেন নূহ-উল-আলম লেনিন, আহমেদ হোসেন ও অসীম কুমার উকিল। চট্টগ্রাম বিভাগের জন্য আছেন ফরিদুন্নাহার লাইলি, আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দী ও শমী কায়সার। খুলনা দলে আছেন কাজী জাফরউল্যাহ, এস এম কামাল হোসেন ও এইচ এম বদিউজ্জামান। রাজশাহীর দলে আছেন সতীশ চন্দ্র রায়, খায়রুজ্জামান লিটন, বদিউজ্জামান ভূঁইয়া, ডা. নূজহাত চৌধুরী ও মাহমুদ হাসান। বরিশালের দলে আছেন আফজাল হোসেন। সিলেটের প্রচার দলে আছেন হাবিবুর রহমান সিরাজ ও মিসবাহ উদ্দিন সিরাজ।