মাদারীপুর শহরের ২০০ বছরের পুরোনো পুলিশ ফাঁড়ি পুকুর ভরাটের পেছনে আছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ভরাটে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।
এই পুকুর ভরাট বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। তারা গতকাল বৃহস্পতিবার শহরে মানববন্ধন, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করেছে।
আর পুকুর ভরাট করে ‘পরিবেশ রক্ষা’র দাবিতে পাল্টা মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, শহরের পুরান বাজারের লঞ্চঘাট এলাকায় ২ একর ৩ শতক আয়তনের পুকুরটির মালিক জেলা প্রশাসন। সেটি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারা ভরাট করছেন। ভরাটে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাইয়ের ছেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সাইদুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মাহমুদ।
মাদারীপুর পৌরসভা এই ভরাট বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে একাধিকবার চিঠি দিয়েছে। কিন্তু জেলা প্রশাসকের দপ্তর গতকাল পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।
সাইদুর রহমান রুবেল খান প্রথম আলোকে বলেন, নৌমন্ত্রীর নির্দেশনায় উন্নয়নকাজের জন্য পুকুর ভরাট করা হচ্ছে।
আর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম গত বুধবার বলেছিলেন, শহররক্ষা বাঁধের কাছাকাছি যত পুকুর আছে, সবই ভরাট করা হবে। জেলা প্রশাসক বিষয়টি অবহিত আছেন।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর সদর আসনের সাংসদ শাজাহান খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুকুরটির ২০ গজের মধ্যে নদী। প্রতিবছর নদীভাঙন ঠেকাতে বিপুল টাকা খরচ করা হলেও ভাঙন বন্ধ হচ্ছে না। নদী বিশেষজ্ঞরা মত দিয়েছেন, পুকুরের পানি চুইয়ে নদীতে যায় বলে ভাঙন বাড়ছে। তাই ভাঙনের কবল থেকে শহর ও শহরবাসীকে রক্ষায় পুকুর ভরাট করা হচ্ছে।
পুকুরটি ভরাট বন্ধে গতকাল দুপুর ১২টার দিকে মাদারীপুর পরিবেশ রক্ষা কমিটি, আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও ফ্রেন্ডস অব নেচার নামের তিনটি সংগঠনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনকারীরা জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেন। সেখানে তাঁরা ৪৫ মিনিট অবস্থান করেন। এ সময় মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরোধ করা হয়। পুলিশ ও পৌর মেয়রের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। আন্দোলনকারীরা বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
অন্যদিকে বেলা দুইটার দিকে পুকুর ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাঁদের সমর্থকেরা পুকুরটি ভরাট করে ‘পরিবেশ রক্ষার’ দাবিতে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
ফ্রেন্ডস অব নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, ২০০ বছরের পুরোনো পুকুরটি রক্ষার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু রাষ্ট্র প্রভাবশালী চক্রটিকে সহায়তা করছে। পুকুর ভরাট বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
পৌরসভার মেয়র খালিদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শহরে পুকুর ও জলাশয় রাখার নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের সহায়তা চেয়েছিলাম, কিন্তু তিনি পুকুর ভরাট বন্ধে ভূমিকা নিচ্ছেন না।’
এ বিষয়ে কথা বলার জন্য জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাসকে ফোন করা হয়। তিনি ফোন ধরে পরিচয় পেয়ে ‘পরে কথা বলব’ বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন। এরপর যোগাযোগের চেষ্টা করলেও তিনি আর ফোন ধরেননি।