২০১৮ সালে দেশ থেকে অত্যাচারী বিদায় নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ২০১৮ সাল হবে জনগণের বছর। এই বছর দেশ থেকে সব জুলুম, অত্যাচার ও অত্যাচারী বিদায় নেবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেট ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। আওয়ামী লীগ মানুষকে ভাঁওতাবাজি দিতে অনেক কথা বলে। কিন্তু কাজ করে না। ৪০ থেকে ৫০ টাকার নিচে সবজি পাওয়া যায় না। মাছ-মাংসের দাম তো নাই বললাম।’

খালেদা জিয়া বলেন, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতে নাকি সারা দেশ ঝলমল করবে। এখন ঢাকায় লোডশেডিং শুরু হয়েছে। ঝলমলের বদলে সারা দেশ অন্ধকারে। এই হলো আওয়ামী লীগের সত্যিকারের উন্নয়ন। তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। মানুষ ন্যায়বিচার পায় না। বিচারক নয়, বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রণ করছে। বিএনপির চেয়ারপারসন বলেন, ব্যাংকের টাকা প্রতিনিয়ত চুরি করছে। বাংলাদেশ ব্যাংকের টাকাও চুরি করে পাচার করেছে। এই পাচারের তদন্তের কী হয়েছে, তা কেউ জানে না। সবাই বলে তদন্ত প্রতিবেদন ব্যাংকেই ছিল। আবার সেখানে আগুন লাগল। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি।

ইফতারে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, মহাসচিব রেদওয়ান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।