২০১৯ সালের আগেই নির্বাচন হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ সালের অনেক আগেই নির্বাচন হবে এবং আওয়ামী লীগকে সংলাপও করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। ডিআরইউ এ অনুষ্ঠানের আয়োজন করে।
২০১৯ সালের আগে নির্বাচন হবে বলে বিএনপি বিশ্বাস করে কি না—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির যে নির্বাচন, এতে জনগণ অংশ নেয়নি। গণতান্ত্রিক বিশ্বও তা সমর্থন করেনি। সবাই আশা করে, সবার অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের অনেক আগেই সে নির্বাচন হবে।
সরকার পতনে ‘টাইমফ্রেম’ আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, সময় নির্ধারণ করে সরকার পতন হয় না। মানুষ যত দ্রুত আবার সংগঠিত হবে, রাস্তায় নেমে আসবে, তত দ্রুত সরকার পতন হবে বলে তাঁরা বিশ্বাস করেন। বিএনপি কোনো ট্রাম্প কার্ডে বিশ্বাস করে না। পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, পাকিস্তানে আন্দোলন হচ্ছে, কিন্তু গুলি করা হচ্ছে না।
খালেদা জিয়া গত মঙ্গলবার জোটের অনুষ্ঠানে না থাকায় অনেকে সংশয় প্রকাশ করছেন, তিনি সামনের আন্দোলনের জন্য ‘ফিট’ কি না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, খালেদা জিয়া একজন পরীক্ষিত নেত্রী।