২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে: তোফায়েল

২০১৯ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নয়, শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের আগে সংলাপ হতে পারে। কিন্তু এখন কোনো সংলাপ নয়, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ শুক্রবার বেলা একটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চার দশক পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তোফায়েল আহমেদ। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাত দফা দাবির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি যেসব কথা বলেছেন তা অবাস্তব। বাস্তবতা হলো, তাঁর দলের লোকজনই মনে করে তাঁর এসব কমর্সসূচি হলো পিছুটান কর্মসূচি। কারণ, গাজীপুরে কর্মসূচি করতে যান নাই, চেষ্টাও করেন নাই। তারপর হরতাল দিয়েছেন, মানুষ গ্রহণ করে নাই। জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে তিনি লাভবান হবেন না, তিনি সেটা বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই তিনি সাত দফা দিয়ে নিজের মর্যাদা অক্ষুণ্ন রাখার চেষ্টা করছেন।
সংলাপ প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘আমরা অতীতে বারবার সংলাপের আহ্বান জানিয়েছি কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি যে সংলাপের কথা বলেছেন সেটা বাস্তবসম্মত নয়। আমি মনে করি তাঁকে চার বছর অপেক্ষা করতে হবে। ২০১৯ সালের ৩১ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সেই সময় হয়তো সংলাপ হতে পারে।’
রসায়ন বিভাগের চার দশক পূর্তিতে সকাল ১০টায় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। র্যালিটি বিভাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে বিভাগে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও ঢাকা-১৯ (সাভার) আসনের সাংসদ এনামুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, দেশ ও জনগণের কাজে লাগলে, জ্ঞানের সার্থকতা আসে। রসায়ন বিভাগের শিক্ষা ও গবেষণা দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে রসায়ন শিক্ষায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক কালিপদ কুণ্ডু, অধ্যাপক কাজী আলী আজম, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক আবদুল হাই, অধ্যাপক রবিউল ইসলাম এবং প্রাক্তন ছাত্র নূর উদ্দিন ও মো. আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।