২০১৯ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নয়, শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের আগে সংলাপ হতে পারে। কিন্তু এখন কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চার দশক পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়ার সাত দফা দাবির প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘তিনি যেসব কথা বলেছেন, তা অবাস্তব। বাস্তবতা হলো, তাঁর দলের লোকজনই মনে করে তাঁর এসব কর্মসূচি হলো পিছুটান কর্মসূচি। কারণ গাজীপুরে কর্মসূচি করতে যান নাই, চেষ্টাও করেন নাই। তার পরও হরতাল দিয়েছেন, মানুষ গ্রহণ করে নাই।’ এর আগে সকাল ১০টায় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন রসায়ন বিভাগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও সাংসদ এনামুর রহমান।