২০১৯-এর আগে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম l ছবি: প্রথম আলো
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম l ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ২০১৯-এর এক দিন আগেও জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। আর সেই নির্বাচনও হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলনের উদ্বোধনী পর্বে মো. নাসিম এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনাকে চাপে রাখার চেষ্টা হচ্ছে। তিনি জোটভুক্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ১৪ দল শুধু নির্বাচনী জোট নয়, আদর্শিক জোট।
ছয় বছর পর গতকাল শুরু হয়েছে জাসদের দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল প্রথম দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করা হয়। আজ শনিবার সকাল থেকে মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী পর্বে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাসদ ক্ষমতাকে ভোগের লাইসেন্স, হালুয়া-রুটির ভাগাভাগি মনে করে না। জাসদ ক্ষমতাকে জিম্মাদারি দায়িত্ব মনে করে। তিনি বলেন, জাসদ সব সময় কর্মীর দল। নেতারা বিভিন্ন সময় দলত্যাগ করলেও কর্মীরা দলকে আঁকড়ে ধরে রক্ষা করেছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে ইনু বলেন, খালেদা জিয়া দম ফেলার সুযোগ নিচ্ছেন, শক্তি সঞ্চয় করছেন। এখন প্রশ্ন তাঁকে দম ফেলার সুযোগ দেওয়া হবে নাকি চূড়ান্তভাবে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করা হবে। তাঁকে দম ফেলার সুযোগ দেওয়া যায় না।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন তাঁর দলের পক্ষ থেকে জাসদের সম্মেলনে শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাসদের সঙ্গে ওয়ার্কার্স পার্টির রক্তের সম্পর্ক। সংগ্রাম, আন্দোলনে দুই দল একসঙ্গে পাশে থেকে লড়েছে।
এ ছাড়া সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং জাসদের কাউন্সিলে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। জাসদের নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রবিউল আলম, যুগ্ম আহ্বায়ক শিরীন আখতার, নাজমুল হক প্রধান প্রমুখ বক্তব্য দেন।