২০-দলীয় জোট ছাড়ল এনপিপির একাংশ
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। তিনি গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
অবশ্য এর আগে গত রমজান মাসে প্রধানমন্ত্রীর দেওয়া ইফতারে যোগ দেওয়া ও ২০-দলীয় জোট ছেড়ে যাওয়া ভাসানী ন্যাপের ইফতারে যোগ দিয়েছিলেন শওকত হোসেন। এ নিয়ে তাঁর দল ও জোটে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে তখন দলটির চেয়ারম্যান শওকত হোসেন ও মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ একে অন্যকে পাল্টাপাল্টি বহিষ্কার করেন এবং দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর ১১ আগস্ট ২০-দলীয় জোটের সর্বশেষ বৈঠকে ফরিদুজ্জামানের নেতৃত্বাধীন এনপিপিকে আমন্ত্রণ জানানো হয়। ওই বৈঠক শেষে ফরিদুজ্জামান সাংবাদিকদের জানান, শওকত হোসেনকে ২০-দলীয় জোট থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়।
এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে শওকত হোসেন বলেন, তিনি একটি দলের চেয়ারম্যান। তাঁকে বিএনপি জোটের নেত্রী বহিষ্কার করতে পারেন না।