২০-দলীয় জোটের সভায় ১৬ দলই অনুপস্থিত
নাটোরে গতকাল শনিবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের মতবিনিময় সভায় ১৬টি দলেরই নেতা-কর্মীরা অনুপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াত, মুসলিম লীগ ও জাতীয় পার্টির (নাজিউর রহমান মঞ্জুর) নেতা-কর্মীরা সভায় অংশ নিয়েছিলেন।
সভায় বক্তারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় নেতাদের দায়ী করেছেন।
শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নেতারা মানববন্ধন করেন। সংসদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা প্রদান এবং সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা হরণের গণবিরোধী আইন প্রণয়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সভায় জোটের ১৬ দলেরই অনুপস্থিত থাকার ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ২০-দলীয় জোটের নাটোর জেলার সমন্বয়কারী আমিনুল হক বলেন, নাটোরে জোটের চার দল ছাড়া অন্যদের কোনো কমিটি না থাকায় তাঁদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
শহরের আলাইপুরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত তৃণমূল নেতাদের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পাদক হারুণ উর রশিদ ও রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান বক্তব্য দেন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার বলেন, বিএনপির ঢাকার নেতারা আন্দোলনে কোনো ভূমিকা রাখেননি। তাঁদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আজ দেশে বাকশাল কায়েমের সুযোগ পেয়েছে।
বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষ এখন মনে করতে শুরু করেছে বিএনপির আন্দোলনের কোনো শক্তি নেই।
প্রধান অতিথি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, এবার তৃণমূল থেকেই দল গোছানো ও আন্দোলন শুরু করা হবে। ভবিষ্যতে তৃণমূলের নেতাদের উপযুক্ত মূল্যায়নের মাধ্যমে দলকে সমৃদ্ধ করা হবে। তিনি তৃণমূলের নেতাদের ক্ষোভের কথা ঢাকার নেতাদের জানিয়ে দেবেন বলেও আশ্বাস দেন।
সভায় জাতীয় পার্টির (নাজিউর রহমান মঞ্জুর) নাটোর জেলা সভাপতি শহিদুল ইসলাম ও মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহিদ চৌধুরী বক্তৃতা করেন।
সভাপতির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আন্দোলন-সংগ্রামে নিহতদের পরিবার ও আহতদের খবর কেন্দ্রীয় নেতারা রাখেন না, এটা চরম হতাশাজনক। তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।