জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা ছাড়াও অন্যান্য সব মহানগর ও জেলা সদরে আজ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ মৌখিক অনুমতি দিয়েছে। সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন।
তবে গতকাল সন্ধ্যায় বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির চেয়ারপারসন সমাবেশে উপস্থিত থাকতে পারেন। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, জোটের এই সমাবেশ হবে শান্তিপূর্ণ। তাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে তিনি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।