২১ আগস্ট ইতিহাসের কলঙ্কময় ঘটনা: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের কলঙ্কময় ঘটনা হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিউল গানি স্বপনের স্মরণে আয়োজিত সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন। বাংলাদেশ ন্যাপ ওই স্মরণসভার আয়োজন করে।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। এখন ওই গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সে সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জনের বিরুদ্ধে বিচার চলছে।
গতকাল মির্জা ফখরুল বলেন, ‘২১ শে আগস্ট একটি বর্বর হত্যাকাণ্ড ঘটেছিল। একটি রাজনৈতিক দলের ২২ জন সেদিন নিহত হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কময় ঘটনা ঘটেছিল।’
২১ আগস্ট নিহত ব্যক্তিদের প্রতি শোক-শ্রদ্ধাও জানান মির্জা ফখরুল। ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার মধ্যে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী আইভি রহমানও ছিলেন। আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
স্মরণসভায় ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।