২১ আগস্ট গ্রেনেড হামলার 'ন্যায্য' বিচার চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান। ফাইল ছবি।
নজরুল ইসলাম খান। ফাইল ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত নয়। রাজনৈতিক কারণে বিএনপিকে দায়ী করা হচ্ছে। তিনি ওই হামলার ন্যায্য বিচার দাবি করেন।
আজ শুক্রবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সদ্য কারামুক্ত শামসুজ্জামানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, গ্রেনেড হামলা কোনো রাজনৈতিক কার্যক্রম হতে পারে না। এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। এর জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। কিন্তু সেটাও রাজনৈতিকভাবে নয়, সেটা ন্যায্যভাবে হতে হবে। বিএনপি হত্যার রাজনীতির সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, রাজনৈতিক কারণে ২১ আগস্টের হামলায় বিএনপিকে অভিযুক্ত করা হচ্ছে। রাজনীতির কারণে তারা এমন সব অদ্ভুত কথা বলছে, যা তারা নিজেরাও বিশ্বাস করে না।

বিএনপির একজন নেতাসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে জঙ্গি সংগঠনকে অর্থ জোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, সরকার নানাভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টা চালাচ্ছে। সে জন্য ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু মানুষ এসব বিশ্বাস করে না।