২১ আগস্ট নিয়ে সাঈদ খোকন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা সম্পর্কে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ঘটনার আগে তিনি (সাঈদ খোকন) ২১ আগস্ট আক্রমণ হতে পারে বলে তৎকালীন বিরোধীদলীয় নেত্রীকে বাসায় গিয়ে জানিয়েছিলেন। কিন্তু তিনি কেন বিষয়টিকে আমলে নিলেন না, তা একটা বড় প্রশ্ন।
আজ শনিবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী একথা বলেন।

রিজভী বলেন, ‘২১ আগস্ট সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেক কথা শুনেছি। কিন্তু গতকাল (শুক্রবার) ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন, তিনি নিজেও মেয়র ছিলেন। তিনি একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে তাঁর বাবা তাঁকে জানিয়েছেন, একটা আক্রমণ হতে পারে, একটা ঘটনা ঘটতে পারে। তুমি গিয়ে নেত্রীকে জানাও। সে অনুযায়ী সাঈদ খোকন নেত্রীকে জানিয়ে বলেছেন, আপনাকে সাবধান হতে হবে। কারণ আপনার বাসায়, বা যাতায়াতের পথে আক্রমণ হতে পারে।’

বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল আমরা জানতে পারলাম যে আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধীদলীয় নেত্রীকে এ ধরনের তথ্য নিয়ে অবহিত করার পরও, সবকিছু শোনার পরেও এ বিষয়ে তিনি খুব একটা সজাগ হননি, সিরিয়াস হননি। সিরিয়াস না হয়ে বরং বলেছেন, রাজনীতি করলে এত ভয় পেলে চলবে না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিষয়টিকে নেত্রী কোনো ধরনের আমলে নেননি, পাত্তা দেননি। এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন যে কেন তিনি বিষয়টিকে আমলে নিলেন না।’

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার উল্লেখ করে রিজভী বলেন, এই হামলা-মামলা নিয়ে ইতিপূর্বে এই সরকারের আন্দোলনের যে ফসল এক-এগারোর সরকার, তারাও কিন্তু আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম চার্জশিটে দিতে পারেনি, দেয়নি। তারাও তদন্ত করেছে, সিআইডি তদন্ত করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজেদের লোক দিয়ে, যে লোকটি আওয়ামী লীগের নির্বাচন করার জন্য পোস্টার করেছে, সে লোককে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত করিয়ে তারেক রহমানের নাম ঢুকিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ‘এতে স্পষ্ট হয় যে এটা একদম পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। অর্থাৎ একটা ব্লেইম গেম তৈরি করার জন্য পরিকল্পিতভাবে মনে হয়েছে, যে ঘটনা হয়েছে এবং গতকাল খোকন সাহেব যে কথাটি বলেছেন, তাতে আরও প্রমাণিত হলো। তিনি বলেন, যারা এই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত, এই নারকীয় ঘটনা বা এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে, আমরা এর তীব্র নিন্দা করি এবং অতীতেও নিন্দা করে এসেছি। এই ধরনের রক্তাক্ত সহিংস ঘটনাকে আমরা কখনো সমর্থন করি না।’

রিজভী মনে করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে জড়ানোর উদ্দেশ্য হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করা। তাঁর মতে, এটি ছিল সাজানো এবং পরিকল্পিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলের অফিসে তালা দেওয়ার ঘটনার উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পরিস্থিতি দিন দিন যেন এক অন্ধকারাচ্ছন্ন নৈরাজ্যের মধ্যে নিপতিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, স্বাধীন কণ্ঠস্বরের জন্য তিনি সর্বমহলে পরিচিত। কেবল স্বাধীন মতপ্রকাশের জন্য তাঁর অফিসে তালা দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। একটা ভয়ংকর গুন্ডামির রাজত্ব তৈরি হয়েছে।