
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মদদদাতা ছিলেন খালেদা জিয়া। তাঁর নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়েছে। এর দায়ভার তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।
আজ সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ অভিযোগ করেন। নারী নেত্রী বেগম আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
হাছান মাহমুদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় সরকারপ্রধান ছিলেন খালেদা জিয়া। তাঁর নির্দেশ ছাড়া এই হামলা হতে পারে না। এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত রয়েছে। রাজনৈতিক জনসভা হলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও সেখানে তাদের উপস্থিতি ছিল না। পরিকল্পিতভাবেই এ হামলা ঘটানো হয়।
সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনে আসুন। দেখুন জনগণ কাদের রায় দেয়। নির্বাচনের মাঠেই প্রমাণ হবে দেশের মানুষ কাদের সরকার হিসেবে দেখতে চায়।’
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় জিয়া পরিবারের সদস্যরা জড়িত। জিয়া যেমন পরিকল্পিতভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, ঠিক তেমনি খালেদা জিয়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মধ্য দিয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন।’ তিনি বলেন, বিএনপির হামলা-হত্যা আর সহিংস কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ তাদের বর্জন করেছে। এ কারণে আগামী নির্বাচনে দাঁড়ানোর মতো মাজায় শক্তি ও সাংগঠনিক জোর হারিয়ে ফেলেছে বিএনপি। এখন নানা ছলচাতুরী করে নির্বাচনে অংশগ্রহণ না করার পথ অবলম্বন করছে বিএনপি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার প্রমুখ বক্তব্য দেন।