২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ সমাবেশের আয়োজন করছে। এর আগে ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে ২০-দলীয় জোটের জনসভা। দুটি সমাবেশেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশসহ শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ঢাকায় ১৮ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে এ সমাবেশ আয়োজনের প্রস্তুতি চললেও এতে বিপুল জনসমাগমের পরিকল্পনা নিয়েছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সমাবেশের স্থান তিনি উল্লেখ করেননি।
সংবাদ সম্মেলনের আগে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে আরও আছে ৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্তি’ দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভা, ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ। এরপর রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামসুজ্জামান, এজেডএম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ফজলুল হক, খায়রুল কবির, নাজিম উদ্দিন আলম, হাবীব-উন-নবী খান প্রমুখ।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি: মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে সভাপতি ও এস এম শফিউজ্জামানকে সম্পাদক করে মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এ কমিটি অনুমোদন দেন।