২১ মাস পর বগুড়া আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি, মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গত রোববার রাতে ঘোষণা করা হয়েছে। সম্মেলনের ২১ মাস পর ৭১ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি ঘোষিত হলো। পাশাপাশি ২১ সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়েছে। উভয় তালিকায় স্থান পাওয়া অনেকেই নতুন মুখ।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত তালিকা দুটি রোববার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের কাছে পৌঁছায়। সঙ্গে এসেছে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ-সংক্রান্ত একটি চিঠি। সভাপতি মমতাজ তাঁর ফেসবুক পেইজে ওই তালিকা প্রকাশ করেন। শিক্ষিত ও তরুণদের স্থান দেওয়ায় অনেকে কমিটির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বলছেন, এটি সভাপতির ‘পোষ্য কমিটি’ হয়েছে।

সভাপতি মমতাজ উদ্দিন বলেন, মাঠের পরীক্ষিত, ত্যাগী ও তরুণদের কমিটিতে রাখা হয়েছে। নবীন-প্রবীণ নেতৃত্বের মিশেলে এই কমিটি আগের যেকোনো কমিটির চেয়ে শক্তিশালী ও পরিচ্ছন্ন হয়েছে। বিতর্কিত কাউকে কমিটিতে রাখা হয়নি। বিগত দিনে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে তাণ্ডব মোকাবিলায় রাজপথে যাঁরা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাঁদেরই মূল্যায়ন করা হয়েছে। ত্যাগী ব্যক্তিদের মধ্যে কেউ বাদ পড়ে থাকলে পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করা হবে।

২০১৪ সালের ১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। তাঁরা মমতাজ উদ্দিনকে সভাপতি, মজিবর রহমানকে সাধারণ সম্পাদক এবং রাগেবুল আহসান, টি জামান নিকিতা ও মঞ্জুরুল আলমকে যুগ্ম সম্পাদক ঘোষণা করে যান। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কথা ছিল।

দলীয় সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত উপদেষ্টা পরিষদের২১ জনের মধ্যে নয়জনই নতুন। এতে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হায়দার আলী ও তাঁর স্ত্রী তহমিনা হায়দার স্থান পেয়েছেন। তহমিনা আগের কমিটিতেও উপদেষ্টা ছিলেন। গত কমিটির উপদেষ্টা সাবেক মন্ত্রী মোজাফফর রহমান এবার বাদ পড়েছেন। অন্যদিকে ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটির ২৬ জনই নতুন। এর মধ্যে রয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ থেকে আসা কয়েকজন; যাঁরা বয়সে তরুণ।

কমিটির নয়জন সহসভাপতির মধ্যে তিনজন এবারই প্রথম এ পদ পেয়েছেন। তাঁরা হলেন আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আমান উল্লাহ এবং শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। তবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তোফাজ্জল ও মকবুলকে ২ ও ৬ নম্বর সহসভাপতি করা হয়েছে। ৭ নম্বর সহসভাপতি করা হয়েছে আগের কমিটির সহসভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান রেজাউল করিমকে।

দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন প্রদীপ কুমার রায়। নতুন দুই সাংগঠনিক সম্পাদক হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান এবং সাবেক কমিটির প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফ।

এবারই প্রথম জেলা কমিটিতে স্থান পেয়েছেন বগুড়ার দুই নির্বাচিত সাংসদ আবদুল মান্নান ও হাবিবর রহমান। দুজনকেই সদস্য করা হয়েছে। সাংসদ মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানও সদস্য পদ পেয়েছেন।

তবে ঘোষিত কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা একজন বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়নের বদলে একক নেতার পছন্দমতো তাঁর ‘পোষ্য কমিটি’ হয়েছে। জেলা সভাপতির মালিকানাধীন ইটভাটার সাবেক কর্মচারীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন মদ ব্যবসায়ী, হত্যা মামলার আসামি, অন্যের জমি দখলকারীসহ বিতর্কিত ব্যক্তিরা। শিক্ষাগত যোগ্যতায় একজন এসএসসির গণ্ডিই পেরোতে পারেননি। আরেকজন যুদ্ধাপরাধী পরিবারের সদস্য এবং অতীতে দলীয় নেতা-কর্মী হত্যা মামলার আসামি ছিলেন।