টানা অবরোধের মধ্যে ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল রোববার চট্টগ্রামে নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
তবে আওয়ামী লীগ নগরের ২১টি মোড়ে হরতালবিরোধী সমাবেশ করেছে। হরতালে নাশকতার কোনো খবর পাওয়া যায়নি।
সকালের দিকে গণপরিবহন চলাচল কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। তবে ব্যক্তিগত গাড়ি কম চলেছে। মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচল করেনি। বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। ট্রেন চলেছে।
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা হয়েছে স্বাভাবিক গতিতে। এক হাজার কনটেইনার খালাসের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে। তবে সরবরাহ হয়েছে সীমিতভাবে। গতকাল পণ্যভর্তি প্রায় দেড় হাজার ট্রাক গন্তব্যের উদ্দেশে রওনা হয় বলে বন্দর সূত্র জানিয়েছে।
বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে পুলিশের পাহারা ছিল। কোনো নেতা-কর্মী কার্যালয়ে যাননি।
আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশে বিএনপি ও জামায়াতের কঠোর সমালোচনা করে দেশকে নাশকতার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
গতকাল নগরের নিউমার্কেট, তিন পুলের মাথা, জিইসির মোড়, মুরাদপুর, অলংকার মোড়, ইপিজেড মোড়, প্রেসক্লাব চত্বরসহ নগরের অন্তত ২১টি মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ করেছে। থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা এসব সমাবেশে বক্তৃতা করেন।
হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।