২২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সেনার দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির পক্ষ থেকে নির্বাচনের পরও সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েনের দাবি জানাচ্ছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ছবি: ফোকাস বাংলা
বিএনপির পক্ষ থেকে নির্বাচনের পরও সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েনের দাবি জানাচ্ছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ছবি: ফোকাস বাংলা

কাল বুধবার থেকে নির্বাচনের পর পাঁচ দিন পর্যন্ত বিচারিক ক্ষমতা দিয়ে তিন সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। এ ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বক্তব্য দলটি স্তম্ভিত এবং বেদনাহত।

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ দাবি জানান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও ভালো নির্বাচনের স্বার্থে ভোটকেন্দ্রের বাইরে ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্র্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন থাকবে।
বুধবার (২২ এপ্রিল) থেকে নির্বাচনের পর পাঁচ দিন (২ মে) পর্যন্ত সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচনের পরও সিটি এলাকায় সহিংসতা হতে পারে, তাই এ দাবি জানানো হয়েছে।

সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, কারওয়ান বাজারে নির্বাচনীর প্রচারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে যে ধরনের কথা বলা হয়েছে, তাতে আমরা স্তম্ভিত এবং বেদনাহত। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ হামলার কোনো তথ্য নেই। আমরা সরকারের পক্ষ থেকে সমবেদনা আশা করেছিলাম। আমরা আশায় ছিলাম চেয়ারপারসনের নিরাপত্তার যে ঘাটতি আছে তা দুর করা হবে। কিন্তু শীর্ষ পর্যায়ের থেকে যে ধরনের কথা বলা হচ্ছে তাতে সন্ত্রাসীরা আরও আশকারা পাবে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সোমবার তিনি অবাধ ও সুষ্ঠু সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এই ধরনের ‘নাটক’ বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বলেছেন, ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, জনগণ ক্ষুব্ধ হলে আমাদের কিছু করার নাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জয়ের বক্তব্যর দিকে ইঙ্গিত করে আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের একেক জনের বক্তব্য একেক রকম। কোনো মন্ত্রী কি বলল তাতে প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না। সেই দিন কি ঘটেছিল তা দিবালোকে সবাই দেখেছে।