২২ দিনের মাথায় নতুন কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জেলা কমিটি অনুমোদনের ২২ দিন পর কেন্দ্রীয় কমিটি সেটি বাতিল করেছে। নবগঠিত কমিটি বাতিল করে সাবেক নারী সাংসদ সুলতানা বুলবুলকে সভাপতি এবং আওয়ামী লীগ নেত্রী তারিকুন বেগম লাবুনকে সাধারণ সম্পাদক রেখে আগের কমিটিই বহাল রাখা হয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে গত ২০ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, তৎকালীন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ইয়াসমিন হোসেন ও কেন্দ্রীয় সদস্য স্মৃতি কণা বনশ্রী। তখন পুরোনো কমিটির সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগমসহ নেতা-কর্মীদের একাংশ অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে ওই সম্মেলন বয়কট করেন।
গত ২৮ ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশারফ ও সাধারণ সম্পাদক পিনু খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬৯ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কথা জানানো হয়। জিনাত আরা চৌধুরী মিলিকে সভাপতি ও শিরিন ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠিত হয়।
দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম বলেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের একটি অংশের প্ররোচনায় কোনো পূর্বঘোষণা ছাড়াই কেন্দ্রীয় কমিটির একটি অংশ দিনাজপুরে আসে। ওই অংশটি স্বপক্ষের সদস্যদের নিয়ে দিনাজপুর নাট্য সমিতিতে সম্মেলনের নামে কর্মী সমাবেশ করে। জেলা কমিটির সভাপতি সুলতানা বুলবুল বা তাঁকে সেখানে ডাকা হয়নি। সমাবেশে মহিলা আওয়ামী লীগ দিনাজপুর জেলা কমিটিতে বিভিন্ন পদে মনোনয়ন চাওয়া হয়। এ সময় ছয়জন সভাপতি ও আটজন সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নাম লিখে নিয়ে যান কেন্দ্রীয় নেতারা। মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়, পরবর্তী সময়ে ঢাকা থেকে বা পুনরায় দিনাজপুরে এসে সবাইকে সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। কিন্তু এর মাত্র সাত দিন পর গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৬৯ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করে দিনাজপুরে পাঠানো হয়।
সভানেত্রী সুলতানা বুলবুল বলেন, একতরফা ও অবৈধভাবে জেলা কমিটি গঠনের পর তিনি সাধারণ সম্পাদকসহ ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন এবং সংগঠনের তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভ ও বিক্ষোভের কথা লিখিতভাবে জানান। সভানেত্রী ও সাধারণ সম্পাদক দিনাজপুরে মাঠপর্যায়ে সংগঠনের নেতা-কর্মীদের মতামত সংগ্রহ করেন। অবশেষে ২৩ মার্চ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গত ২৮ ফেব্রুয়ারি অনুমোদিত দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি বাতিল করে পূর্বতন কমিটিকেই বহাল করে।
এ ব্যাপারে গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্র অনুমোদিত দিনাজপুর মহিলা আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক শিরিন ইসলাম গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটি দিনাজপুর জেলা কমিটি অনুমোদন করেছিল। কিন্তু নবনির্বাচিত কমিটি তা বাতিল করে পূর্বতন কমিটিকে বহাল করা ঠিক হয়নি। দিনাজপুর ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা কমিটি বাতিল করে পূর্বতন কমিটি বহাল রাখা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।