চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে প্রায় ২২ বছর ‘অচ্ছুত’ ছিলেন আ জ ম নাছির উদ্দিন। ১৯৯১ সালে প্রথম চট্টগ্রাম নগর কমিটির সদস্য হন। এরপর ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত দলের কোনো কমিটিতে তাঁর জায়গা হয়নি। শেখ হাসিনার প্রথম সরকারের সময় ৯৮ সালে গ্রেপ্তারও হয়েছিলেন।
২০০৫ সালেও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটিতে আ জ ম নাছিরের ঠাঁই হয়নি। ২০১৩ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটিতে ‘বিস্ময়করভাবে’ তাঁকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি করা হয় সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে।
নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘদিন দলীয় পদে না থাকলেও চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে আ জ ম নাছিরের প্রভাব ছিল। ছাত্রলীগের একটি অংশ তাঁর অনুসারী। দলীয় ‘কোন্দলের’ জন্যও অনেকে তাঁকে দায়ী করেন। মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বছর খানেক আগ পর্যন্তও তাঁর দীর্ঘ বিরোধের বিষয়টি প্রায় প্রকাশ্যই ছিল। এরপর ধীরে ধীরে বরফ গলেছে।
চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে নানা কারণে আলোচিত-সমালোচিত আ জ ম নাছির উদ্দিনই শেষ পর্যন্ত মেয়র পদে দলীয় সমর্থন পেয়েছেন। গত শুক্রবার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।
দলীয় সূত্র জানায়, ১৯৭৭ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন নাছির। ১৯৮০ এবং ১৯৮২ সালে দুই দফা চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দুই দফা কেন্দ্রীয় ছাত্রলীগেরও সহসভাপতি ছিলেন তিনি। মূলত ওই সময় থেকেই চট্টগ্রামের রাজনীতিতে তাঁর প্রভাব বাড়তে থাকে।
মেয়র পদে প্রার্থী হিসেবে নাছিরকে দলের সমর্থনের বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সে আসলে রাজনীতিকে আঁকড়ে ধরে রেখেছিল বলে আজ তার মূল্যায়ন হয়েছে।’
দলীয় একাধিক নেতা জানান, চট্টগ্রামের রাজনীতিতে বিভিন্ন উপদলীয় কোন্দলে আ জ ম নাছিরের অনুসারীরা জড়িত ছিল। আশির দশকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর (প্রয়াত) ঘনিষ্ঠ ছিলেন তিনি। শিল্পপতি হুমায়ুন জহির খুনের ঘটনার পর আখতারুজ্জামানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। এর পর তিনি আলাদা একটি বলয় তৈরি করতে সক্ষম হন।
দলীয় সূত্র জানায়, ১৯৯৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যানটিনে চিকিৎসক মিজান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী বোরহানসহ তিন খুনের ঘটনায় নাছিরকে আসামি করা হয়। এ ঘটনার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এলে তিনি আবার প্রকাশ্যে আসেন। তিন খুনের মামলায় ২০০১ সালে আদালত তাঁকে বেকসুর খালাস দেন। কিন্তু রায় হওয়ার তিন বছর আগে ১৯৯৮ সালে ঢাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর জের ধরে তাঁর অনুসারীরা চট্টগ্রামে ভাঙচুর চালায়। পরে তিনি জামিনে মুক্তি পেলে লালদীঘি ময়দানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী জানান, আ জ ম নাছির উদ্দিনকে ষড়যন্ত্র করে তিন খুনের মামলায় জড়ানো হয়েছিল। ১৯৯৮ সালেও তাঁকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়। তিন খুনের মামলায় তখন তিনি জামিনে ছিলেন।
খুনের মামলা ও আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় গ্রেপ্তারের বিষয়ে আ জ ম নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রাজনীতিবিদেরা সব সময় প্রতিহিংসার শিকার হয়। আমিও হয়েছিলাম। সব ভুলে এবার জনগণের জন্য কিছু করতে চাই।’