২২ সেপ্টেম্বর ফিরতে পারেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে ২২ সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সৌদি আরব থেকে তিনি লন্ডন যেতে পারেন বলে গুঞ্জন আছে। সে ক্ষেত্রে তাঁর দেশে ফেরা পেছাবে।
পবিত্র হজ পালনের উদ্দেশে ৭ সেপ্টেম্বর রাজকীয় অতিথি হয়ে সৌদি আরব যান খালেদা জিয়া। লন্ডন থেকে তাঁর বড় ছেলে তারেক রহমান স্ত্রী জোবাইদা ও মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে হজ করতে সৌদি আরব যান। মালয়েশিয়া থেকে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও সৌদি আরব যান। সেখানে পরিবারের সবাই হজ পালন করেন।
বিএনপির সূত্রে জানা গেছে, কাল শনিবার খালেদা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে মদিনা শরিফে যাবেন। সেখান থেকে ২০ সেপ্টেম্বর জেদ্দা যাবেন। লন্ডন না গেলে ২১ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবেন। পরদিন তিনি দেশে পৌঁছাবেন। একই দিন তারেক রহমানও সপরিবারে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।
একটি সূত্র বলেছে, খালেদা জিয়া দেশে ফেরার আগে জেদ্দায় প্রবাসী নেতা-কর্মীদের সঙ্গে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে পারেন।