২৩ বছর পর আজ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বছর পর পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১০টায় এ সম্মেলন হবে। ১৯৯২ সালে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এর আগে কয়েকবার তারিখ ঘোষণা করা হলেও সম্মেলন করতে পারেনি জেলা কমিটি।
সম্মেলন উপলক্ষে পিরোজপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তোরণ নির্মাণ ও রাতে আলোকসজ্জা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রধান হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে ক্ষীতিষ চন্দ্র মণ্ডল সভাপতি ও এ কে এম এ আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে ওই কমিটি ভেঙে দিয়ে চণ্ডীচরণ পালকে আহ্বায়ক করে কমিটি করে দেয় কেন্দ্রীয় কমিটি। ২০০১ সালে চণ্ডীচরণ পাল পদত্যাগ করেন। ২০০২ সালে কেন্দ্রীয় কমিটি শুধাংশু শেখর হালদারকে সভাপতি, আকরাম হোসেন খানকে জ্যেষ্ঠ সহসভাপতি, এম এ হাকিম হাওলাদারকে সহসভাপতি ও এ কে এম এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে ৫৯ সদস্যের একটি কমিটি করে দেয়। ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর শুধাংশু শেখর হালদারের মৃত্যুর পর থেকে জ্যেষ্ঠ সহসভাপতি আকরাম হোসেন খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গত ১ সেপ্টেম্বর আকরাম হোসেনের মৃত্যুর পর এম এ হাকিম হাওলাদার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ২০ এপ্রিল জেলা আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেও পরে সম্মেলন করতে পারেনি দলটি।
দলীয় নেতা-কর্মীরা জানান, সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাংসদ এ কে এম এ আউয়াল একক প্রার্থী। সাধারণ সম্পাদক পদে এম এ হাকিম হাওলাদার ও সাংসদের ছোট ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের নাম শোনা যাচ্ছে। তবে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন সদস্যের নাম সাধারণ সম্পাদক পদে শোনা গেলেও তাঁদের কোনো তৎপরতা দেখা যায়নি।