২৫ ইউপিতে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার পর এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত পাওয়া হিসাবে ২৫টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা দেননি। এর মধ্যে বাগেরহাটেই রয়েছে ১৯টি।

এখনো যাচাই-বাছাইয়ে বাদ পড়ার আশঙ্কা রয়ে গেছে। আছে চাপ কিংবা স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহারের সুযোগও। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী, গতকাল থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। আজ বুধবার বাছাই শেষ হবে। এরপর বৈধ প্রার্থীদের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। নির্বাচনী আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন যেসব ইউনিয়ন পরিষদে একজন করে প্রার্থী থাকবেন, তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন।

এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক হারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা অস্বাভাবিক। এই প্রবণতা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

এবারই প্রথম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আর সদস্য পদে নির্বাচন হবে আগের মতোই, নির্দলীয়। এর আগে গত ৩০ ডিসেম্বর ২৩৩টি পৌরসভার ভোট গ্রহণ হয়। মেয়র পদে ভোট হয় দলীয় প্রতীকে। ওই নির্বাচনে সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন, যাঁদের সবাই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।

আগামী ২২ মার্চ দেশের ৭৩৮টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। এসব ইউনিয়নের বেশির ভাগই উপকূলীয় এলাকায়। পরের ধাপে ৩১ মার্চ আরও ৬৮৪টি ইউপিতে ভোট হবে। সারা দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শুধু চেয়ারম্যান পদেই নয়, সদস্য পদেও অনেক ইউনিয়নে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এর সংখ্যা কত, তা এখনো নিশ্চিত করতে পারেনি কমিশন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, সদস্য পদে একক মনোনয়নপত্র জমা দেওয়া অধিকাংশ প্রার্থীই সরকারি দল সমর্থিত কিংবা স্থানীয়ভাবে প্রভাবশালী।

নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে কমিশনের এমন একাধিক কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের পাশাপাশি গোষ্ঠী ও গ্রাম প্রভাব কাজ করে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার নজির কম। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন হচ্ছে। ফলে বিরোধী দল বা দুর্বল প্রতিপক্ষকে বসিয়ে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার মানসিকতা ও চেষ্টা থাকতে পারে।

 ইউপি নির্বাচনে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান পদের একাধিক প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরই প্রথম আলোকে বলেছিলেন, ‘দলের মনোনয়ন পাওয়াকে বিজয় হিসেবে ভাবছি আমরা।’ কেন্দ্রীয় অনেক নেতা জানিয়েছেন, মনোনয়ন পেলে নিশ্চিত বিজয় ভেবে দলের নেতারা মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন।

শুধু বাগেরহাটেই ১৯: বাগেরহাট প্রতিনিধি জানান, প্রথম পর্বে জেলার ৭৪টি ইউপিতে ভোট হচ্ছে। এর মধ্যে ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত। এসব ইউনিয়ন হলো বাগেরহাট সদর উপজেলার বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, গোটাপাড়া ও যাত্রাপুর; রামপাল উপজেলার মালিকেরবেড়; চিতলমারী উপজেলার চরবানিয়ারী, বড়বাড়িয়া, হিজলা, সন্তোষপুর ও কলাতলা; ফকিরহাট উপজেলার ফকিরহাট ও মুলঘর; মোল্লাহাটের আটজুড়ি, কোদালিয়া, কুলীয়া ও উদয়পুর; মংলার সোনাইলতলা এবং মোরেলগঞ্জের পঞ্চকরণ।

এক জেলাতেই এত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে বাগেরহাট আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, দল হিসেবে এই জেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি খুবই দুর্বল। এসব ইউপিতে তারা প্রার্থী দেওয়ার মতো লোকই খুঁজে পায়নি। এ জন্যই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথে।

বাগেরহাটের বাইরে আরও যেসব ইউনিয়নে একজন করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেগুলো হচ্ছে: বরগুনা সদরের বুড়িরচর; ভোলা সদরের দক্ষিণ দিঘলদি; ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমইল; মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর; মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেন, ইউনিয়ন পরিষদে একক প্রার্থী দেওয়ার বিষয়ে চেষ্টা থাকবে দলটির। যাচাই-বাছাইয়ে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র যাতে খুবই সূক্ষ্মভাবে দেখা হয়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।