২৫ ইউপিতে শুধু আ. লীগেরই প্রার্থী
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ হাজার ৫৬৮ জন চেয়ারম্যানপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৫টি ইউনিয়নে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এই ২৫ ইউনিয়নে জমা দেওয়া প্রার্থীর সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানের পাঠানো তালিকা থেকে এই তথ্য জানা গেছে। মোট প্রার্থীর ৭৪১ জন আওয়ামী লীগের এবং ৬৬৮ জন বিএনপির।
আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৩৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে ২৫টি ইউপিকে একজন করে প্রার্থী আছেন তাদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এইবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। মোট ৩ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১৯০০ জন। বাকি এক হাজার ৬৬৮ জন স্বতন্ত্র প্রার্থী।
আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জাতীয় পার্টি ১৪৮টি ইউনিয়ন পরিষদে প্রার্থী ঘোষণা করেছে। এ ছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশ ২৪৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৩০, ওয়ার্কার্স পার্টি ২৪, জাতীয় পার্টি-জেটি (মঞ্জু) ২০, বিএনএফ ৭, বিকল্পধারা বাংলাদেশ ৫, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৪, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) ১, বাংলাদেশ কল্যাণ পার্টি ১, বাংলাদেশ তরিকত ফেডারেশন ১ এবং নাকের পার্টি ১ জন করে প্রার্থী দিয়েছে।
নির্বাচন কমিশন গত ১১ ফেব্রুয়ারি ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। তবে পরে বিভিন্ন কারণে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।