২৫ ঘণ্টা অবরুদ্ধ, তারপর গ্রেপ্তার ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় প্রেসক্লাবের ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানকে কেন্দ্র করে প্রায় ২৫ ঘণ্টার পাল্টাপাল্টি কর্মসূচি ও উত্তেজনার অবসান হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সংবাদ ব্রিফিং করে বের হওয়ার পর প্রেসক্লাবের মূল ফটকে অপেক্ষমাণ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুলের মুক্তি দাবি করেছেন। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে ঠাকুরগাঁও ও গাইবান্ধায় আজ হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
আগের দিনের মতো গতকালও জাতীয় প্রেসক্লাবের বাইরে প্রস্তুত ছিল পুলিশ। তাদের আশপাশে ছিল সরকার-সমর্থক কিছু লোকজন। আর ভেতরে বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের আশ্রয়ে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসক্লাবের ভেতরের বারান্দায় সরকার-সমর্থক সাংবাদিকদের অবস্থান, মিছিল-স্লোগান হয়েছে থেমে থেমে।
দীর্ঘ প্রায় ২৫ ঘণ্টার এই উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয় মির্জা ফখরুল পুলিশের হাতে গ্রেপ্তারের পর। তবে প্রেসক্লাব থেকে বের হওয়ার পথে সরকার-সমর্থক বলে পরিচিত কয়েকজন সাংবাদিক তাঁকে খুনি, রাজাকার, বহিরাগতসহ অশ্লীল ভাষায় গালাগাল করে। এমনকি তাঁর গাড়িতে লাথি মারা হয়।
একজন জাতীয় রাজনৈতিক নেতাকে প্রেসক্লাবে আনা, তাঁকে রাতে আশ্রয় দেওয়া এবং এভাবে বিদায় জানানোর ঘটনায় সাধারণ সদস্যদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে মূলত বিএনপি, যুবদল ও ছাত্রদলের সমর্থকদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গত সোমবার বেলা আড়াইটার দিকে প্রেসক্লাবে আসেন মির্জা ফখরুল। প্রেসক্লাবের মিলনায়তনে বক্তব্য দিয়ে মূল ভবনে গিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের কক্ষে অবস্থান নেন তিনি।
গতকাল সকাল থেকেই প্রেসক্লাবের ফটকে জমায়েত হয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। দুপুর সাড়ে ১২টার দিকে প্রজন্ম লীগের নেতা-কর্মীরা প্রেসক্লাবের বন্ধ প্রধান ফটক ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেন। এ সময় তাঁরা প্রেসক্লাব থেকে ফখরুলকে বের করে দেওয়ার দাবিতে স্লোগান দেন।
প্রজন্ম লীগ ফিরে না যেতেই প্রেসক্লাবের দোতলায় আওয়ামী পন্থী সাংবাদিক নেতারা বক্তব্য দেন। এর কয়েক গজ দূরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের কক্ষে তখন বসেছিলেন ফখরুলসহ অন্যরা। আওয়ামী পন্থী সাংবাদিক নেতারা দোতলায় মিছিল করেন। মিছিল থেকে ‘রাজাকারের আস্তানা প্রেসক্লাবে হবে না’, ‘প্রেসক্লাবের মাটিতে বহিরাগতের ঠাঁই নাই’ বলে স্লোগান দেওয়া হয়।
মিছিল-স্লোগান শেষ হতে না-হতেই দোতলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সংবাদ সম্মেলন শুরু হয়। সেখানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী মির্জা ফখরুলকে ‘বহিরাগত’ উল্লেখ করে প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে বেলা দুইটার মধ্যে ‘বহিরাগতদের’ বের করে দেওয়ার দাবি জানান। বেলা দুইটার পরে সরকার-সমর্থক সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাব ‘বহিরাগত’মুক্ত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন।
বেলা সাড়ে তিনটার দিকে সাংবাদিকদের বিএনপি-জামায়াতপন্থী অংশ সংবাদ সম্মেলন শুরু করে। সংবাদ সম্মেলনে বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ বক্তব্য দেন। এ সংবাদ সম্মেলনের মধ্যেই ভিআইপি লাউঞ্জে ঢোকেন মির্জা ফখরুল। বক্তব্যে ফখরুল বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত নিরাপত্তার কারণে সোমবার রাতে তিনি প্রেসক্লাবের বাইরে যাননি। প্রেসক্লাব ও সাংবাদিকদের ‘ঐতিহ্যগত আতিথেয়তা’ গ্রহণ করেছিলেন তিনি।
ওই বক্তব্য দিয়ে বিকেল চারটার দিকে প্রেসক্লাবের সিঁড়ি দিয়ে নিচে নামেন ফখরুল। কর্তব্যরত সাংবাদিক, দলীয় কর্মী ও সাংবাদিকদের ভিড়ে প্রচণ্ড ঠেলাঠেলি শুরু হয়। ফখরুলকে অপেক্ষমাণ একটি গাড়িতে তুলে দেওয়া হয়। প্রধান ফটক পার হওয়ার পরই পুলিশ ও ডিবির সদস্যরা ফখরুলকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে গাড়ির দরজাই খুলতে পারছিল না পুলিশ। একপর্যায়ে গাড়ির দুই পাশের দরজা দিয়ে দুজন ডিবি সদস্য ফখরুলের গাড়িতে উঠে পড়েন। ওই অবস্থাতেই সামনে-পেছনে ডিবির গাড়ি পাহারা দিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ফখরুলকে নিয়ে যাওয়া হয়। এ ডামাডোলের সুযোগে প্রেসক্লাব থেকে বেরিয়ে যান শফিউল আলম প্রধানসহ বিএনপি ও ২০ দলের কয়েকজন নেতা-কর্মী।
এরপর প্রেসক্লাব ভবনের ফটকে এক সমাবেশে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, আওয়ামী লীগপন্থী কতিপয় সাংবাদিক একজন রাজনৈতিক নেতার সঙ্গে যে ন্যক্কারজনক ব্যবহার করেছেন, তার নিন্দা জানানোর ভাষা তাঁদের জানা নেই।
অন্যদিকে এক ব্রিফিংয়ে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রেসক্লাবকে রাজনৈতিক নেতাদের আখড়া ও আবাসস্থল বানানোর চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান।
মুক্তি দাবি খালেদার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকালের বিবৃতিতে বলেছেন, ‘আমাকে আমার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে অবৈধ ফ্যাসিস্ট সরকার দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ দেশব্যাপী গ্রেপ্তার অভিযানের মহৌৎসবে মেতে উঠেছে। কেবল বিরোধী দলের নেতা-কর্মীই নয়, বরং সাধারণ মানুষও এখন পুলিশি আতঙ্কে দিনাতিপাত করছেন।’
বিএনপি চেয়ারপারসন গ্রেপ্তার হওয়া সব রাজবন্দীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
আগাম জামিনের চেষ্টা: পৃথক চারটি মামলায় গতকাল হাইকোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়।
মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, চারটি মামলায় জামিন আবেদন করা হয়। কিন্তু তিনি আসতে না পারায় জামিন আবেদন পরিচালনা করা হয়নি। তাঁর অপর আইনজীবী এ জে মোহাম্মদ আলী যাতে মির্জা ফখরুল নির্বিঘ্নে আদালতে আসতে পারেন, সে জন্য নির্দেশনা চাইলেও তা মঞ্জুর হয়নি।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ ৪ জানুয়ারি পল্টন থানায় দুটি ও মতিঝিল থানায় একটি মামলা করে। এর আগে ২৮ ডিসেম্বর পল্টন থানায় অপর মামলাটি করা হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তাঁকে আজ বুধবার আদালতে নেওয়া হবে।
ঠাকুরগাঁও ও গাইবান্ধায় হরতাল: ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। গাইবান্ধা প্রতিনিধি জানান, মির্জা ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার গাইবান্ধা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির সভায় এ হরতাল আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়।