২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা উচিত: হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিডিআর ট্র্যাজেডি স্মরণে অনেক আগে থেকেই ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা উচিত ছিল। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের আত্মীয়স্বজনের বাইরে অন্য কোনো কিছুতে জাতীয় শোক পালনে রাজি নয়।

আজ শুক্রবার রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে বিডিআর বিদ্রোহের ৮ম বার্ষিকী স্মরণে বাংলাদেশ ন্যাপ আয়োজিত ‘বিডিআর হত্যাকাণ্ড : বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ এ কথা বলেন। ন্যাপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

হাফিজ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার পেছনে নেপথ্য শক্তি হিসেবে কারা কাজ করেছে, তা এখনো উদঘাটিত হয়নি। এর ফলে মূল পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাদের বিচারের আওতায় আনতে হবে।

ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। অন্যদের মধ্যে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির, কল্যাণ পার্টি মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।