২৫ বছর পর দুই পক্ষ কাল আলাদা সম্মেলন ডেকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর পর আগামীকাল বুধবার শরীয়তপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির দুটি পক্ষ আলাদাভাবে সম্মেলন আয়োজন করছে। আলাদা স্থানে সম্মেলন করার অনুমতি চেয়ে দুই পক্ষই জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করেছে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জেলা বিএনপির সূত্র জানায়, ১৯৯১ সালে শরীয়তপুরে বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর আর সম্মেলন হয়নি। এর মধ্যে কয়েকবার কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা বিএনপির কমিটি করে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন থেকে শরীয়তপুরে বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। ২০১১ সালে কেন্দ্র থেকে একটি কমিটি করে দেওয়া হলে বিরোধ প্রকাশ্যে চলে আসে। তখন কমিটি বাতিলেরদাবিতে একটি পক্ষ দীর্ঘদিন আন্দোলন করেছে। এরপর থেকে দুটি পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করছে। একটি পক্ষের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। অপর পক্ষটির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরু ও সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গর স্ত্রী তাহমিনা আওরঙ্গ।

শফিক-নাসির পক্ষ আগামীকাল বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির সম্মেলন করার অনুমতি চেয়ে ২০ অক্টোবর একটি আবেদন করে জেলা পুলিশের বিশেষ শাখায়।আবার একই দিন একই সময়ে সম্মেলন করার জন্য জামাল শরীফ-তাহমিনা পক্ষ ২৩ অক্টোবর অনুমতি চেয়ে আবেদন করে। জামাল শরীফ-তাহমিনা পক্ষ অপর পক্ষের সম্মেলন বাতিলের দাবি করে তাদের সম্মেলন সফলের জন্য গতকাল সোমবার দুপুরে জেলা শহরে বিক্ষোভমিছিল করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, জেলা বিএনপি কেন্দ্র থেকে অনুমোদিত একটি কাঠামো। তাঁরা কেন্দ্রের নির্দেশেই সম্মেলনের আয়োজনকরছেন। বড় দল, অনেক নেতা-কর্মীর ক্ষোভ থাকতে পারে। তাঁরা হয়তো ক্ষোভের কারণে এমন করছে। সব বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মেলন সফল করবে এমনটা আশা করছি।

জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ বলেন, ‘যাঁরা কখনো রাজপথে থাকেন না, তাঁরা জেলা বিএনপির পদ দখল করে আছেন। যাঁরা মামলা-হামলায় জর্জরিত, আন্দোলন সংগ্রামে বিএনপিকে আকড়ে থাকেন, তাঁদেরই উপেক্ষা করে ওই পক্ষ গোপনে সম্মেলন আয়োজন করছে। আমরা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। ওই পক্ষকে সম্মেলন করতে দেওয়া হবে না।’

শরীয়তপুর জেলা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মো. আবদুল বারি বলেন, ‘জেলা বিএনপির সম্মেলন করার অনুমতি চেয়ে দুটি পক্ষ আলাদাভাবে আবেদন করেছে। সম্মেলনের স্থান দুটি ২০০ মিটারের মধ্যে। পরিস্থিতির ওপর নজর রাখছি, আইনশৃঙ্খলা রক্ষার্থে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শরীয়তপুরে বিএনপির জেলা সম্মেলন নিয়ে দুটি পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলছি। যাতে সবার অংশগ্রহণে একটি স্থানে সফল সম্মেলন হয়, সেই উদ্যোগ নেওয়া হবে।’