জাতীয় সংসদের চলতি অধিবেশনে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে বলে আশা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এই জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৪ দলের বৈঠকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন নেতারা। আমরা আশা করছি, সামনে ১১ মার্চের সংসদ অধিবেশনেই প্রস্তাবটি উত্থাপিত হবে। আর সেই দিনই এটি গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে বলে আমরা আশা করি।’
গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি করছি। আশা করি, ১১ তারিখে জাতীয় সংসদে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে।’
জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও সংবাদ সম্মেলনে এই সংসদ অধিবেশনে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন।
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে—এই অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন পরিচালনা এবং নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনে আসা না-আসা রাজনৈতিক দলের ব্যাপার। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি বিভিন্ন স্টাইলে কথা বলছে।
নাসিম আরও বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু এখন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা এটা করছে, তাদের প্রতি করুণা ছাড়া কিছুই করার নেই।
সংবাদ সম্মেলনের আগে রাশেদ খান মেননের সভাপতিত্বে ১৪ দলের সভা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন, বিপ্লব বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণ-আজাদী লীগের এস কে শিকদার, তরীকত ফেডারেশনের এম এ আউয়াল, গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন প্রমুখ।