
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে আধা বেলা হরতাল পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ ছাড়া এদিন সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। এ কর্মসূচি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে একটি পদযাত্রা ও সমাবেশ করে সংগঠনটি।
সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল পালন করা হবে। গত ২৬ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটির মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেলে পদযাত্রা-পূর্ব সমাবেশে সংগঠনের সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, এই হরতাল অন্য সব হরতালের চেয়ে আলাদা। এটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের হরতাল। শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সেদিন রাস্তায় ক্লাসরুম হবে, শিক্ষা হবে সুন্দরবন নিয়ে। যারা ছবি আঁকে, গান গায়, তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটবে রাস্তায়।
আনু মুহাম্মদ বলেন, ‘আমরা হরতাল শান্তিপূর্ণভাবে করব। সেখানে যদি কেউ হামলা চালায়, অন্তর্ঘাত করতে চায়, সহিংসতা সৃষ্টি করতে চায়, তার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘সুন্দরবনবিনাশী প্রকল্প বন্ধ হলে আমাদের আন্দোলন-হরতালও বন্ধ হবে। সুন্দরবনবিনাশী কার্যক্রম চালিয়ে নেওয়া হবে আর বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখবে, তা হতে পারে না।’
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাসদের (মার্ক্সবাদী) মানস নন্দী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পদযাত্রাটি গুলিস্তানে গিয়ে শেষ হয়।
এদিকে আগামীকালের হরতালের সঙ্গে সংহতি প্রকাশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এই সংহতি ঘোষণা করা হয়। এর আগে গত রোববার জাতীয় কমিটির ডাকা এ হরতালে সমর্থন জানায় বিএনপি।