কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার ও কৌশল ঠিক করতে মন্ত্রী-সাংসদ নন—এমন ২৭ জন কেন্দ্রীয় নেতাকে নিয়ে একটি দল গঠন করেছে আওয়ামী লীগ। ২৭ ওয়ার্ডের একেকটির প্রচার সমন্বয়ের দায়িত্বে একেকজন কেন্দ্রীয় নেতা থাকবেন।
গতকাল রোববার এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে কুমিল্লার প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি থেকে তিনজন করে নিয়ে নির্বাচনী কমিটি করা হয়েছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, আচরণবিধির কারণে মন্ত্রী ও সাংসদেরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এ জন্য সাংসদ নন—এমন নেতাদের বেছে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের এই দলটির কাজ সমন্বয় করবেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুসারে যেদিন থেকে প্রচার শুরু হবে, সেদিন থেকে কেন্দ্রীয় নেতারা আচরণবিধি মেনে মাঠে নামবেন।
মনোনয়নপত্র বাছাই
গতকাল রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মেয়র পদসহ ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১ ও ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এতে মেয়র পদে পাঁচজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি-রব) প্রার্থী শিরিন আক্তার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী মো. সোয়েবুর রহমানের মনোনয়নপত্র।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে ঋণখেলাপের অভিযোগে নাজিম উদ্দিন আহমেদ ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগে ৬ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।