চট্টগ্রাম নগর বিএনপির ২৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।
গত দুই দশকে চার দফা কমিটি হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চট্টগ্রাম নগর বিএনপি। গত রোববার রাতে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে কমিটির ২৭৫ জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের বিষয়টি মুঠোফোনে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুমোদিত কমিটির তালিকা কেন্দ্র থেকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই কমিটিতে সহসভাপতি করা হয়েছে ৩১ জনকে, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে যথাক্রমে ১৩ ও ৩ জনকে।
এর আগে গত বছরের ৬ আগস্ট শাহাদাত হোসেনকে সভাপতি, আবুল হাশেমকে সাধারণ সম্পাদক ও আবু সুফিয়ানকে জ্যেষ্ঠ সহসভাপতি করে কেন্দ্র থেকে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। প্রায় ১১ মাস পর এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল।
বিএনপি সূত্র জানায়, নতুন কমিটিতে ৩১ জনকে সহসভাপতি করা হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ও এম এ সবুর। এ ছাড়া ১৩ জন যুগ্ম সম্পাদকের মধ্যে আছেন এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন ও শাহ আলম। তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন মনজুর আলম মঞ্জু ও কামরুল ইসলাম।