২৮ বছর পর ঠাকুরগাঁওয়ে যুবদলের সম্মেলন
ঠাকুরগাঁও জেলা যুবদলের ত্রিবার্ষিক সম্মেলন আজ বুধবার শহরের সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ বছর আগে ১৯৮৮ সালে সর্বশেষ জেলা যুবদলের সম্মেলন হয়েছিল। ২০০০ সালে ওই কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর আর সম্মেলন হয়নি।
জেলা যুবদল সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। ওই সম্মেলনে আবু তাহেরকে সভাপতি ও আনজামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দীর্ঘ ১২ বছর দল পরিচালনার পর ২০০০ সালে তাঁরা দায়িত্ব ছেড়ে দেন। সে বছর নাসিরুল হককে আহ্বায়ক করে জেলা যুবদলের নতুন কমিটি গঠন করা হয়। ৯ বছর পর ২০০৯ সালে ওই কমিটি ভেঙে চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুরকে আহ্বায়ক ও মাহবুব হোসেনকে সদস্যসচিব করে আবারও আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই থেকে তাঁরাই যুবদলের নেতৃত্ব দিচ্ছেন। গত ১০ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সফরে আসেন। সে সময় তিনিও এক সভায় যুবদলের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি নিজেই ৮ অক্টোবর জেলা যুবদলের সম্মেলনের দিন ঘোষণা করেন। কিন্তু সম্মেলনের দিনটি দুর্গাপূজার মধ্যে পড়ায় তা স্থগিত করা হয়। এ নিয়ে ৩ নভেম্বর ‘একটি ছাড়া সবগুলো কমিটিই মেয়াদোত্তীর্ণ’ শিরোনামে জেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়টিও উঠে আসে। এরপর যুবদল আজ সম্মেলনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য ফিরে আসে। সম্মেলন ঘিরে যুবদলের নেতা-কর্মীরা শহরে পোস্টার-ফেস্টুন লাগিয়েছেন। শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে তোরণ নির্মাণের পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা।
শহরের সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত যুবদলের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন করবেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি. কস্ট্রা। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা ফয়সল আমিন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ ও আবদুল খালেক, দপ্তর সম্পাদক কাজী রফিক, সহসাধারণ সম্পাদক রইস আহম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান উপস্থিত থাকবেন।
জেলা যুবদলের সদস্য আলী বখতিয়ার উজ্জ্বল বলেন, ‘দীর্ঘদিন পর যুবদলের সম্মেলন হচ্ছে। এতে নেতা-কর্মীরা উল্লসিত। এই সম্মেলনের মধ্য দিয়ে যুবদলে নতুন প্রাণের সঞ্চার হবে বলে বিশ্বাস করি।’
জেলা যুবদলের আহ্বায়ক চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর বলেন, এক-এগারোর পর হামলা, মামলা ও পুলিশি হয়রানির কারণে সম্মেলন করতে পারেননি। সম্মেলনের প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের মতামতে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। সেই নেতৃত্বের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।