২৮ মার্চ আধা বেলা হরতাল

বাম গণতান্ত্রিক জোট আজ পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিরোধ ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হরতালের এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, চুরি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারকে তারা তাদের নীতি হিসেবে গ্রহণ করেছে। উন্নয়নের কথা বলে তারা তাদের দুর্নীতি ও লুটপাটকে আড়ালের চেষ্টা করছে।

এ পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই বাম জোটের হরতাল (সকাল ছয়টা থেকে বেলা দুইটা) ঘোষণা করেছে।
সাইফুল হক জানান, হরতাল সফল করতে সারা দেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে দেশের সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল, সংগঠন, শ্রেণি-পেশার সংগঠন ও নেতাদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান সাইফুল হক।

সাইফুল হক লিখিত বক্তব্যে আরও বলেন, সরকার মানুষের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে। খাদ্যপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে গত ১০ বছরে বিদ্যুতের দাম বেড়ে ৯০ শতাংশ, গ্যাসের দাম বেড়েছে ১৪৪ শতাংশ, ডিজেলের দাম বেড়েছে ৮২ শতাংশ।

সাইফুল হক বলেন, চাল, ডাল, পেঁয়াজ, সিলিন্ডার গ্যাসসহ অতি জরুরি খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের যা দাম বেড়েছে, দেশে তার তুলনায় অনেক বেশি দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হচ্ছে পুরোপুরি খামখেয়ালিভাবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্ক্সবাদীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।