৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিদের ভোটাধিকার বিষয়ে নির্বাচন কমিশনের দফায় দফায় সিদ্ধান্ত বদলে এ সংকট তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা এ জন্য কমিশনের খামখেয়ালিপনাকে দায়ী করেছেন।
৩ নম্বর ওয়ার্ডের সদস্যপদে প্রার্থী হতে আগ্রহী মো. মানিক উজ্জামান বলেন, ‘২৮ ডিসেম্বর ভোট হলে নিশ্চিত জিততাম। কিন্তু নির্বাচন কমিশনের খামখেয়ালিপনায় সব পণ্ড হয়ে গেল।’ ১৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুল আলম বলেন, ভোটার তালিকা বিষয়ে নির্বাচন কমিশনের গত ২৪ নভেম্বরের সিদ্ধান্তটি ছিল ভুল, যা নিজেরাই বুঝতে পেরে ১ ডিসেম্বর রাতে পত্র দিয়েছে। অথচ পত্রটি ওই দিন সকালে দিলে কোনো ওয়ার্ডেই ভোট স্থগিত থাকত না।
স্থগিত ওয়ার্ড দুটির ভোট গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা চেয়ে জেলা নির্বাচন কার্যালয় থেকে ৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে পত্র দেওয়া হলেও ১৭ দিনেও তার সুরাহা হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দীন আহমেদ গত ২০ নভেম্বর চুয়াডাঙ্গাসহ দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। একই দিন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয় থেকে ১৫টি ওয়ার্ডের ৫২৮ জন ভোটারের নামের তালিকা প্রকাশ করা হয়। এরপর সম্ভাব্য প্রার্থীরা তালিকা ধরে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।
২৪ নভেম্বর নির্বাচন কমিশনের এক পত্রে জানানো হয়, চুয়াডাঙ্গার মেয়াদোত্তীর্ণ ছয়টি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরা কেউ ভোটার হতে পারবেন না। এরপর ৪৫১ জনের ভোটারের নতুন তালিকা চূড়ান্ত হয়। নতুন তালিকায় ৩ নম্বর ওয়ার্ড ভোটারশূন্য এবং ১৫ নম্বর ওয়ার্ডের ভোটারের সংখ্যা দাঁড়ায় মাত্র ১ (জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান)। ভোটারের অভাবে নির্বাচন কমিশন ওই দুটি ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে।
ভোটার তালিকা থেকে বাদ পড়া জনপ্রতিনিধিরা তাঁদের ভোটাধিকার ফিরে পেতে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সায়মা ইউনুসের কাছে দাবি জানান। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকেও অবগত করা হয়। এরপর ১ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো এক পত্রে ২০ নভেম্বর ঘোষিত ৫২৮ ভোটারের তালিকা বহাল রাখার জন্য বলা হয়। এতে ৭৭ জন জনপ্রতিনিধি তাঁদের ভোটাধিকার ফিরে পেলেও ৩ ও ১৫ নম্বর ওয়ার্ডে সদস্যপদে ভোটে আগ্রহী প্রার্থীরা নির্বাচন থেকে বঞ্চিত হন।
জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ৩ ও ১৫ নম্বর ওয়ার্ডে ভোটের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। নির্দেশনা মিললেই ভোট গ্রহণ করা হবে।