৩০ ইউপিতে বিজয়ী হলেন যারা
দক্ষিণাঞ্চলের ১১টি জেলার ৩০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে গতকাল রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের ২১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১ জন, বিএনপির ২ জন ও স্বতন্ত্র হিসেবে ৬ জন নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপিতে আওয়ামী লীগের একমাত্র বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন বিজয়ী হয়েছেন।
ছয়জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউপির উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউপির আলতাফ হোসেন আকন, মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে রেহানা বেগম, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাবিবুর রহমান, আমগ্রাম ইউনিয়নে জাহিদুর রহমান টিপু ও খালিয়া ইউনিয়নে হামিদুল শাহ-আলম।
বিএনপির মাত্র দুজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউপির জাকির হোসেন মোল্লা ও পিরোজপুরের কলারদোয়ানিয়া ইউপির মো. হাসনাত।
বিজয়ী অন্য প্রার্থীরা সবাই আওয়ামী লীগের। তাঁরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউপির প্রতাপ কুমার রায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউপির উত্তম কুমার মৈত্র ও দেউলবাড়ি দোবরা ইউপির মো. ওয়ালী উল্লাহ।
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউপিতে হাবিবুল বাসার, ডুমাইন ইউপিতে খুরশিদ আলম ওরফে মাসুম ও মেঘচামী ইউপিতে হাসান আলী খান।
ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর ইউপিতে হামিদুর রহমান টিপু ও সৈয়দপুরে জিএস ভুট্টু এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে আমানতউল্যাহ আলমগীর।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় কৃষ্ণনগরে সাঈদুর রহমান ও বড় গোপালপুরে মাহাবুবুর রহমান লিটু সরদার। নড়াইলের লোহাগড়ার কোটাকোল ইউপিতে মারিয়া হোসেন।
পটুয়াখালীর দশমিনা উপজেলার চর বোরহান ইউপিতে মো. নজির সরদার, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপিতে মো. আনসার উদ্দিন মোল্লা ও ধুলাসার ইউপিতে আবদুল জলিল মাস্টার। ঝালকাঠির কাঁঠালিয়া ইউপিতে রবিউল ইসলাম কবির সিকদার।
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউপিতে মো. আলমগীর মিঞা, ছোট বগীতে মু. তৌফিকুজ্জামান, নিশানবাড়িয়ায় মো. দুলাল ফরাজী ও পচাকোড়ালিয়ায় কালু পাটোয়ারী।
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে সাবিনা আক্তার ও কালকিনি উপজেলার এনায়েতনগরে শহিদুল্লাহ মারুফ।